ফুটবল নিয়ে দর্শকদের 'অবাক ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ঢাকায় দর্শকের জোয়ার। ফাইল ছবি
নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ঢাকায় দর্শকের জোয়ার। ফাইল ছবি

সিলেট জেলা স্টেডিয়াম যেন জনসমুদ্র!  যেদিকে চোখ যাবে, শুধু মানুষ আর মানুষ! স্টেডিয়ামের গ্যালারি তো বটেই, স্টেডিয়ামসংলগ্ন ভবনের ছাদ, পানির ট্যাংকি, গাছ—সব জায়গায় লোকে লোকারণ্য। স্টেডিয়ামের ফটক ভেঙে দর্শক ঢুকে পড়েছিল মাঠে! ডাগ আউট, টাচ লাইন—সবকিছুই চলে গিয়েছিল দর্শকদের ‘দখলে’! এ অবস্থায় সংশয় দেখা দিয়েছিল বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব ২৩ দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে। প্রায় সোয়া এক ঘণ্টা পর শুরু হলো ম্যাচ।

ম্যাচ আয়োজনের পরিস্থিতি সৃষ্টিতে নিরাপত্তাকর্মীদের রীতিমতো গলদঘর্ম অবস্থা। অনেক চেষ্টার পর অতিরিক্ত দর্শকদের মাঠ থেকে সরিয়ে নিতে সক্ষম হলো নিরাপত্তাকর্মীরা। তবে দর্শকেরা এখনো মাঠঘেঁষা জায়গায় দাঁড়িয়ে। ফলে খেলোয়াড়দের থ্রো-ইন, কর্নার কিক করাও কষ্টকর হয়ে দাঁড়াল।

জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেট জেলা স্টেডিয়াম। ছবি: আনিস মাহমুদ
জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেট জেলা স্টেডিয়াম। ছবি: আনিস মাহমুদ

মাঠের এ অবস্থা এক দিক দিয়ে দেশের ফুটবলের জন্য সুখবর বটে। বিপুলসংখ্যক দর্শক দেখে বাফুফের কর্মকর্তাদের মুখে হাসি ফুটে উঠতেই পারে। তবে একটি আন্তর্জাতিক ম্যাচে এ ধরনের চরম অব্যবস্থাপনার দায় কিছুতেই এড়াতে পারে না বাফুফে। খেলোয়াড়-ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।
গত কালই হাজার বিশেক টিকিট বিক্রি হয়েছিল। গ্যালারির ধারণক্ষমতা অনুযায়ী, ২০ হাজার লোকের স্থান সংকুলান হওয়াই কঠিন ছিল। আশঙ্কা করা হয়েছিল, এর চেয়ে বেশি লোক চলে এলে সৃষ্টি হবে ভয়াবহ পরিস্থিতি। বাস্তবে হয়েছেও তা-ই।  ফুটবল নিয়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচে শেষ কবে গ্যালারি ভেঙে মানুষ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে সেটা প্রায় ভুলে যাওয়া এক অতীত। সিলেটে প্রথম আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল ম্যাচ বলেই হয়তো এত আগ্রহ। ক্রিকেটের জনপ্রিয়তায় দ্বিতীয় সারিতে চলে যাওয়া, দর্শক-খরায় ভুগতে থাকা ফুটবলের জন্য মানুষের এই ভালোবাসা অবাক করে দেওয়ার মতোই।
তবে এটাও প্রমাণ হয়েছে, ফুটবল খেলাটাকে শুধু ঢাকার গণ্ডিতে আটকে না রাখলেই ভালো করবে বাফুফে। সারা দেশে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এখনো অটুট। নিয়মিত বিরতিতে বাফুফে বাংলাদেশ দলের জন্য প্রীতি ম্যাচের আয়োজন করতে পারে। সেসব খেলা ছড়িয়ে দিতে পারে দেশের বিভিন্ন জেলায়।