ফুটবল পুরুষ মানুষের খেলা: সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজের ফাউলের পর টুইটারে এই ছবি পোস্ট করেছেন ফেলিপে লুইস। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সুয়ারেজের ফাউলের পর টুইটারে এই ছবি পোস্ট করেছেন ফেলিপে লুইস। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কাল বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে ৮৩ মিনিট। বল তাড়া করতে গিয়ে অ্যাটলেটিকোর ফিলিপে লুইসকে বিপজ্জনক একটা ট্যাকল করে বসলেন লুইস সুয়ারেজ। সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড দেখেছেন বার্সা স্ট্রাইকার, ব্যাপারটাও সেখানেই চুকেবুকে যাওয়ার কথা। কিন্তু ম্যাচ শেষে সেটি লুইস আবার মনে করিয়ে দেওয়াতেই পাল্টা তির ছুড়েছেন সুয়ারেজ।
কাল ম্যাচ শেষে লুইস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন। সেখানে নিজের রক্তাক্ত পায়ের একটা ছবির সঙ্গে লেখা, ‘ও তো আমাকে স্পর্শই করেনি!’ সরাসরি সুয়ারেজের নাম না বললেও ইঙ্গিতটা যে তাঁর দিকেই, সেটি বুঝে নিতেও কষ্ট হয় না। কিন্তু ইচ্ছা করে ফাউল না করেও এমন একটা ‘অপবাদ’ চুপচাপ ঘাড়ে নিয়ে বসে থাকেননি সুয়ারেজ। লুইসকে পাটকেল ছুড়েছেন, ‘ফুটবল একটা পুরুষ মানুষের খেলা। খেলার ধরনটাও এমনই। আর মাঠে যা হয় সেটা মাঠেই থাকা উচিত। সবকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে তো পুরো জিনিসটাই একটা সার্কাস হয়ে যাবে।’
এই বছরেই বার্সা-অ্যাটলেটিকোর ম্যাচে মেসিকে মারাত্মক একটা ফাউল করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লুইস। সুয়ারেজ সেটিও মনে করিয়ে দিয়েছেন, ‘তখন তো মেসি ওর ছবি পোস্ট করেনি। কিছু হলেই যে সেটা এভাবে ঢোল পিটিয়ে বলে বেড়াতে হবে, সেটার কোনো মানে নেই।’