ফুটবল ফিরছে চট্টগ্রামে

১৫ নভেম্বর ময়মনসিংহে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৪তম রাউন্ড। আজ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৫, ১৬ ও ১৭তম রাউন্ডের খেলা। প্রসঙ্গত, নতুন দৃষ্টান্ত গড়ে চট্টগ্রাম দিয়েই এবার শুরু হয়েছিল প্রিমিয়ার লিগ। চট্টগ্রামের দ্বিতীয় পর্বেও প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। আজ বিকেেল প্রথম ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। সন্ধ্যায় পরের ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব।
লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ঢাকা আবাহনী। ১৪ ম্যাচে ৯ জয়, ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। লিগ শিরোপা ফিরে পাওয়ার পথে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ২ হারে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চট্টগ্রাম আবাহনী।
আজ যদি শেখ জামাল পয়েন্ট কেড়ে নিতে পারে চট্টগ্রাম আবাহনীর, তাহলে পয়েন্ট তালিকায় আরও জেঁকে বসবে আবাহনী।
লিগের সর্বোচ্চ গোলদাতা আবাহনীর সানডে সিজোবা। নাইজেরিয়ান এই স্ট্রাইকারের নামের পাশে ১৫টি গোল। লিগের একমাত্র হ্যাটট্রিক-নায়কও সানডে। ব্রাদার্সের নাইজেরিয়ান স্ট্রাইকার এনকোচা কিংসলে ১৩ গোল নিয়ে রয়েছেন তালিকার দুইয়ে।