ফুটবল ভালোবাসে না মেসির ছেলে!

ফুটবল পায়ে ছুটছেন লিওনেল মেসি—এমন দৃশ্য দেখার জন্য ৭০-৮০ হাজার দর্শক মাঠে যান। এর কয়েক শ গুণ মানুষের চোখ আটকে থাকে টিভি পর্দায়। কিন্তু মেসির সবচেয়ে কাছের মানুষদের একজনের কোনো আগ্রহই নেই তাঁর খেলা নিয়ে। এই ফুটবল-নির্মোহ ব্যক্তিটা মেসির ছেলে থিয়াগো। আর্জেন্টাইন অধিনায়ক এর আগেও বেশ কয়েকবার জানিয়েছেন, তাঁর বড় ছেলের কাছে ফুটবল খুব একটা পাত্তা-টাত্তা পায় না!
তার পরও কয়েক দিন আগে বার্সার অন্য সতীর্থদের সঙ্গে মিলে ছেলেকে বার্সার বাচ্চাদের ফুটবল ক্যাম্পে পাঠিয়েছিলেন। যদি বন্ধুদের সঙ্গে মিলে খেলার প্রতি আগ্রহটা জন্মে! কিন্তু মেসি জানিয়েছেন থিয়াগোর মনে এখনো ফুটবলপ্রেম জাগেনি, ‘সে আসলেই ফুটবল খুব একটা পছন্দ করে না। সে খেলা দেখতে যায়, সেটা বেঞ্জা (লুইস সুয়ারেজের ছেলে) যায় বলেই, কিন্তু সে ফুটবল-ভক্ত না।’ তবে সুয়ারেজ-তনয় বাপের মতোই হয়েছে। মেসির কথাটা তাই ঈর্ষার মতোই শোনাল, ‘ও বেঞ্জার মতো না, সে সারা দিন বল নিয়েই থাকে।’ ডেইলি মেইল।