ফুটবল মাঠে আরেকটি করুণ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটিতে লুটিয়ে পড়লেন প্যাট্রিং একেং। আর ‘ফিরলেন’ না, চলে গেলেন না-ফেরার দেশে l এএফপি
মাটিতে লুটিয়ে পড়লেন প্যাট্রিং একেং। আর ‘ফিরলেন’ না, চলে গেলেন না-ফেরার দেশে l এএফপি

ডায়নামো বুখারেস্ট ও ভিটরুল কনস্টানটার ম্যাচ চলছিল। ৬৩ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন ডায়নামোর প্যাট্রিং একেং। ৭০ মিনিটে হঠাৎই মাটিতে পড়ে যান ক্যামেরুনিয়ান মিডফিল্ডার, সঙ্গে সঙ্গেই তাঁকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু এক ঘণ্টা পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে চলেন যান একেং।
পরশু রোমানিয়ার লিগে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। স্থানীয় প্রচারমাধ্যম জানিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছিল ২৬ বছর বয়সী একেংয়ের। ডায়নামোর খেলোয়াড় ও স্টাফরা সবাই জড়ো হয়েছিলেন হাসপাতালে, অনেকেই ভেঙে পড়েছেন কান্নায়। ডায়নামোর নির্বাহী পরিচালক আইনেল ডানকিউলেস্কু তো শোকস্তব্ধ, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। আমার তো বটেই, ডায়নামোর খেলোয়াড় ও সমর্থকদের জন্য এটা দুঃস্বপ্ন। মনে হচ্ছে আমাদের ওপর অভিশাপ লেগেছে।’ ২০০০ সালে ডায়নামোর অধিনায়ক কাতালিয়ান হিলদান মাঠে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন। পরে ডায়নামো নিজেদের ফেসবুকে লিখেছে, ‘আমরা তোমাকে চিরদিন ভালোবেসে যাব, প্যাট্রিক একেং।’

প্যাট্রিং একেং
প্যাট্রিং একেং

গত জানুয়ারিতেই বুখারেস্টে যোগ দিয়েছিলেন একেং। তার আগে স্পেনের কর্দোবা, সুইজারল্যান্ডের লুসান ও ফ্রান্সের লা মান্সে খেলেছিলেন। তাঁর স্ত্রী ও একমাত্র সন্তান থাকে প্যারিসে। মঙ্গলবার রোমানিয়ান কাপের ফাইনাল শেষে তাঁর সেখানেই উড়ে যাওয়ার কথা ছিল।
ক্যামেরুনের জন্যও একেংয়ের মৃত্যু বড় একটা আঘাত হয়েই এসেছে। গত বছর দুটি প্রীতি ম্যাচে ক্যামেরুন জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। ক্যামেরুনিয়ান মিডফিল্ডার স্টেফান এমবিয়া টুইট করেছেন, ‘আমাদের ক্যামেরুনিয়ান পরিবার একজন ভাই হারিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না।’ ক্যামেরুনের জন্যও এমন ধাক্কা প্রথম নয়। ২০০৩ সালের কনফেডারেশনস কাপে ক্যামেরুনের হয়ে খেলার সময়ই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মার্ক ভিভিয়ান ফো। এএফপি, রয়টার্স।