ফুটবল মাঠে রক্তারক্তি!
উপলক্ষটা ছিল দুর্দান্তই। গ্রিসের ক্লাব প্যান্থেসসালোনিকিওস (পিএওকে সালোনিকা) ১৪ বছর কোনো শিরোপা জয়ের প্রান্তে দাঁড়িয়ে। অন্যদিক এইকে এথেন্সের সমানে টানা দ্বিতীয় লিগ কাপ জয়ের হাতছানি। নিখাদ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ একটা খেলা। প্রাণভরে উপভোগের খেলা। কিন্তু এমন একটা ম্যাচের পরদিন পত্রিকার শিরোনাম ‘ফুটবল’ নয়! সমর্থকদের তাণ্ডব যেসব আনন্দই মাটি করে দিয়েছে। আধা ঘণ্টার এই দাঙ্গায় আহত হয়ে ৩০ জন ভর্তি হয়েছেন হাসপাতালে।
অথচ শুরুটা কিন্তু ভালোই ছিল ম্যাচটার। গাড়ি দুর্ঘটনায় নিহত এক পিএওকে সমর্থকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দলের সমর্থকেরাই এক মিনিট নীরবতা পালন করেছিল। এর পরপরই কেন যেন পাল্টে যায় গোটা চিত্র। ৩০ মিনিট পর শুরু হওয়া ম্যাচটায় অবশ্য জিতেছে পিওএকে। ২-১ গোলে জিতে ১৪ বছর পর কোনো শিরোপা জিতেছে তারা। কিন্তু পিওএকের আনন্দটাও যেন ম্লান করে দিচ্ছে দর্শক-তাণ্ডব!




