
আলবেনিয়া ও সার্বিয়া। প্রতিবেশী দুই দেশের ইতিহাস চিরবৈরিতার। কসোভোর স্বাধীনতা নিয়ে সেই বৈরিতা বেড়েছে বৈ কমেনি। রাজনৈতিক সেই বৈরিতা দূরে ঠেলতে পারল না ফুটবলও। বরং পরশু বেলগ্রেডের মাঠেই ঘটল আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অন্যতম কদর্য ঘটনা। মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন খেলোয়াড়েরা, তাতে যোগ দিলেন কর্মকর্তা ও দর্শকেরাও। ফল, ইউরো বাছাইপর্বে ‘আই’ গ্রুপের সার্বিয়া-আলবেনিয়া ম্যাচটি পরিত্যক্ত। ঘটনার জেরে দুই দলই এখন পেতে যাচ্ছে উয়েফার শাস্তি। ফিফাও এই ঘটনার নিন্দা জানিয়েছে।
১৯৬৭ সালের পর এই প্রথম সার্বিয়ার রাজধানীতে খেলতে এসেছিল আলবেনিয়ার জাতীয় ফুটবল দল। পূর্বসতর্কতা হিসেবে আলবেনিয়ার সমর্থকেরা নিষিদ্ধ ছিল এই ম্যাচে। তার পরও এড়ানো গেল না সহিংসতা। ম্যাচের শুরু থেকেই সার্ব দর্শকেরা ঝামেলা করছিল। ম্যাচের ৪০ মিনিটের সময় এক দর্শক মাঠে আতশবাজি ছুড়ে মারলে ইংলিশ রেফারি মার্টিন অ্যাটকিনসন যখন দ্বিতীয়বারের মতো খেলা থামালেন, মূল ঘটনার শুরু তখনই।
বেলগ্রেডের পার্টিজান স্টেডিয়ামের আকাশে হঠাৎই দেখা দিল এক ড্রোন। দূরনিয়ন্ত্রিত খেলনা বিমানটি থেকে ঝুলছিল ‘বৃহত্তর আলবেনিয়ার’ চিহ্নযুক্ত এক পতাকা। আজকের আলবেনিয়া, কসোভো, সার্বিয়া, মন্টেনেগ্রো, মেসিডেনিয়া ও গ্রিসের উত্তরাঞ্চলের কিছু অংশই কল্পিত এই ‘বৃহত্তর আলবেনিয়া’। সেই পতাকাই মাঠে নেমে এলে সার্বিয়ান ডিফেন্ডার স্তেফান মিত্রোভিচ ধরে ফেলেন সেটা। তাঁর হাত থেকে সেটা ছিনিয়ে নেন আলবেনিয়ান খেলোয়াড়েরা। স্ট্রাইকার বেকিম বালাই যখন পতাকাটা মাঠের বাইরে নিয়ে যেতে থাকেন, এক দর্শক প্লাস্টিকের চেয়ার নিয়ে আক্রমণ করে বসেন তাঁকে। এরপরই হাতাহাতিতে লিপ্ত হন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। গ্যালারি থেকেও বৃষ্টির মতো ছুটে আসতে থাকে ইটপাটকেল। আলবেনিয়ার খেলোয়াড়েরা তখন মাথা বাঁচিয়ে দৌড়ে আশ্রয় নেন টানেলে। আর মাঠেই নামেনি তাঁরা।
সার্বিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ড্রোনটা উড়িয়েছেন স্বয়ং আলবেনিয়ান প্রধানমন্ত্রী এদি রামার ভাই ওলসি রামা। ভিআইপি গ্যালারি থেকেই নাকি ড্রোনটা নিয়ন্ত্রণ করেছেন তিনি। তাঁদের দাবি অনুযায়ী পুলিশ গ্রেপ্তারও করেছিল তাঁকে। কিন্তু দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পাওয়া ওলসি গ্রেপ্তারের ঘটনা অস্বীকার করে বলেছেন ড্রোনের ঘটনায়ও তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না।
সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ‘বিতর্কিত’ পতাকা ওড়ানোটা ছিল রাজনৈতিক উসকানি। তবে উসকানির কথা বলে পার পাচ্ছে না দর্শক হাঙ্গামার জন্য কুখ্যাত দেশটি। সামনের কয়েকটি হোম ম্যাচ হয়তো দর্শকবিহীন স্টেডিয়ামেই খেলতে হবে সার্বিয়াকে। কড়া শাস্তি পেতে হবে আলবেনিয়াকেও। উয়েফা তদন্তও শুরু করেছে, ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য দুই দলকে সাত দিন সময় দেওয়া হয়েছে।
উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির কাছে এটি ‘ক্ষমার অযোগ্য’ ঘটনা। ফুটবলকে রাজনীতির সঙ্গে না মেশানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই আহ্বান ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের কণ্ঠেও, ‘ফুটবলকে কখনোই রাজনৈতিক প্রচারণার মাধ্যম বানানো উচিত নয়।’ এএফপি, দ্য গার্ডিয়ান।