ফুটবল মাঠের সুপারহিরো

জিভানিলদো ভিয়েরা ডি সুজা নামটা অচেনাই। এই নামে তাঁকে কেউ চেনে না। জিভানিলদোর বয়স যখন তিন, তখন থেকেই সে হৃষ্টপুষ্ট। অন্য শিশুদের চেয়ে শক্তিও বেশি। কার্টুন চরিত্র হাল্ক তখন থেকেই ছেলেটির প্রিয়। নাওয়া-খাওয়া নেই, সারা দিন ‘হাল্ক আর হাল্ক’। বাবা একদিন বললেন, ‘আচ্ছা, আজ থেকে তুমি তাহলে হাল্ক’। এবার নিশ্চয়ই এই ফুটবলারকে চিনতে পেরেছেন? ব্রাজিলের ফরোয়ার্ড হাল্ক—বাবার দেওয়া নামেই যিনি পরিচিত।
কার্টুন বা কমিক চরিত্রের সুপারহিরোদের ভক্ত ফুটবলারের সংখ্যা কম নয়। সুপারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান বা স্পাইডারম্যান ছেলেবুড়ো সবারই কমবেশি প্রিয়। ফুটবলাররাই বা বাদ থাকেন কেন? কিছুদিন আগে শালকের সঙ্গে ডর্টমুন্ডের একটা ম্যাচেই তা দেখা গেছে। গোল করে ব্যাটম্যানের মুখোশ পরে উদ্যাপন করেছেন ডর্টমুন্ড স্ট্রাইকার পিয়েরে অবামেয়াং। সতীর্থ মার্কো রয়েসও পরে নিলেন ব্যাটম্যানের দোসর রবিনের মুখোশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় হয়েছিল দুজনের অন্য রকম এই উদ্যাপন।
এক দিক দিয়ে দেখলে ফুটবলাররা সুপারহিরোই। দূর থেকে অবিশ্বাস্য কোনো গোল, চোখজুড়ানো ড্রিবল, দুর্দান্ত একটা সেভ বা ম্যাচ বাঁচানো ট্যাকল যাঁরা করেন, ভক্তদের কাছে এই খেলোয়াড়েরা তো রূপকথার নায়কই। মেসি-রোনালদো যা করেছেন বা করছেন, সুপারহিরোদের মতো অতিমানবীয় কোনো ক্ষমতা তাঁদের আছে কি না, তা নিয়ে গবেষণা হতে পারে।
তবে অনেক ফুটবলারকে ভক্তরা ভালোবেসে সুপারহিরোর নাম দিয়েছে অন্য কারণে। মার্সেলো বালবোয়া এমনিতে খুব বিখ্যাত কেউ নন। তবে দারুণ একটা কীর্তি আছে তাঁর, যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম শততম আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব এই ডিফেন্ডারের। শারীরিক শক্তি ও সহনশীলতার জন্য বিখ্যাত এই ফুটবলারের নাম যেমন হয়ে গেছে ‘আয়রনম্যান’। সেল্টিকের শন ফ্যালনকেও ভক্তরা এই নামেই ডাকে। ভাঙা হাড় নিয়েও খেলা চালিয়ে গেছেন। একটা ম্যাচে কবজি আর কণ্ঠার হাড় ভেঙে গিয়েছিল এই ডিফেন্ডারের। কিন্তু খেলা থামাননি। পরে জিজ্ঞেস করা হলে তাঁর জবাব দিয়েছিলেন, ‘আমি মনে হয় ভাঙা পা নিয়ে এই প্রথম খেলছি!’
নিউক্যাসলের হোনাস গুতিয়েরেজের উদাহরণটা বরং অনেকের কাছেই পরিচিত লাগবে। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের মূত্রথলিতে ক্যানসার ধরা পড়েছিল বেশ আগে। জীবনসংশয়ে পড়া সেই ফুটবলার সব বাধা পেরিয়ে আবার ফিরেছেন মাঠে। তাঁকে স্পাইডারম্যান নাম দেওয়ার পেছনে একটা গল্প আছে। মায়োর্কাতে খেলার সময় স্পাইডারম্যান ছবিটা দেখতে গিয়েছিলেন। তখন থেকেই চরিত্রটির প্রেমে পড়ে যান। নিজের নামের পাশেও সেঁটে যায় নামটি।
ইকুয়েডরের ওটিলিনো টেনেরিওর গল্পটা আবার অন্য রকম। ছেলের অনুরোধে গোল করার পর স্পাইডারম্যানের মুখোশ পরে উদ্যাপন করেছিলেন এই। ২০০৫ সালে, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সেই মারা যান ওটিলিনো। পরের বছর বিশ্বকাপে গোল করে সতীর্থ ইভান ক্যাভিয়েডেস মাঠে স্পাইডারম্যানের মুখোশ পরে নিয়েছিলেন। প্রয়াত সতীর্থকে উৎসর্গ করার এর চেয়ে ভালো কোনো উপায় বোধ হয় ছিল না।
ব্যাটম্যান আর রবিনে ফিরে আসা যাক। এই সুপারহিরো যুগলের ফুটবল মাঠে দেখা পাওয়া এবারই প্রথম নয়। সেই ১৯৭৭ সালে লিভারপুলের জন টশাক ও কেভিন কিগ্যান এই মুখোশ পরে উদ্যাপন করেছিলেন। ডর্টমুন্ডের জার্সিতে মুখোশ পরে অবামেয়াংয়ের উদ্যাপনটা হাল আমলের, মাস দুয়েক আগে। অবশ্য বছর পাঁচেক আগে ফ্রান্সের সেঁত এতিয়েনে থাকতেই তাঁর সৌজন্যে দেখা গেছে এমন উদ্যাপন! ফিফাডটকম।