ফুটবল ম্যাচে মৌমাছির বাগড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোঁয়া জ্বালিয়ে মাঠ থেকে তাড়ানো হচ্ছে মৌমাছি।
ধোঁয়া জ্বালিয়ে মাঠ থেকে তাড়ানো হচ্ছে মৌমাছি।

অনেক কারণেই ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। তাই বলে মৌমাছির কারণে ফুটবল ম্যাচ শুরু হবে দেরিতে! এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়।
শনিবার দক্ষিণ আফ্রিকার কাপ ম্যাচে নেমেছিল দুই ক্লাব প্লাটিনাম স্টার্স ও মামেলোদি সানডাউনস। খেলা হচ্ছিল সানডাউনসের মাঠ লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হঠাত্ কোত্থেকে এক ঝাঁক মৌমাছি এসে অবস্থান করল প্লাটিনামের গোলপোস্টের পেছনের একটি মাইক্রোফোনে। গ্রাউন্ডসম্যানরা দ্রুত প্লাস্টিকের ব্যাগ দিয়ে তাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু কাজ হলো না। অগত্যা ধোঁয়া জ্বালিয়ে বিদায় করতে হলো অনাহূত ‘দর্শক’দের! এতে খেলা শুরু হতে দেরি হলো ১২ মিনিট!
এমন আরেকটি ঘটনা ঘটেছিল ২০০৯ সালের অক্টোবরে। আজতেকা স্টেডিয়ামে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে মেক্সিকো বনাম এল সালভাদরের ম্যাচ চলার সময়ই হঠাত্ হানা দিয়েছিল মৌমাছির ঝাঁক। এ কারণে প্রায় ছয় মিনিট খেলা বন্ধ ছিল সেবার। সূত্র: এএফপি ও বিবিসি।