ফুটবল যখন ঢাকায় বন্দী
বৃষ্টিতে মাঠে থিকথিকে কাদা। ফুটবলারদের জার্সি নম্বর পর্যন্ত দেখা যায় না। মনে হয় তাঁরা ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন!
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দিন আগেও প্রিমিয়ার লিগের ম্যাচে এই দৃশ্য দেখা গেছে। সূচি ঠিক রাখার তাগিদে কাদামাঠে অনেকটা জোর করেই ম্যাচ আয়োজন করা হয়েছে। আর এভাবে খেলা চালিয়ে মাঠের জন্য প্রতিদিন হা-হুতাশ করতে থাকেন বাফুফের মাঠ কমিটির প্রধান ফজলুর রহমান বাবুল। বিকল্প মাঠ খোঁজার তাগিদ দেন তিনি, কিন্তু সবই মনে হয় অরণ্যে রোদন।
গত বছর প্রিমিয়ার লিগ চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, গোপালগঞ্জে হওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর চাপ কিছুটা কমে ছিল। কিন্তু এবার শুধু ঢাকার বাইরে চট্টগ্রাম ভেন্যু রেখে দেশের শীর্ষ ফুটবল লিগটি আবার ঢাকায় বন্দী করে ফেলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রামে আপাতত খেলা না হওয়ায় সব ধকল যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর দিয়েই।
বহুমাত্রিক ব্যবহারে বঙ্গবন্ধু স্টেডিয়ামের জীবনীশক্তি বলতে গেলে শেষ। তার ওপর বৃষ্টির সময় মাঠের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। ফলে খেলায় সৌন্দর্য থাকে না, তৃপ্তি পান না খেলোয়াড়েরাও। দর্শকদের চোখের জন্যও তা হয়ে দাঁড়ায় পীড়াদায়ক।
অথচ ঢাকার আশপাশে গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ...অনেক স্টেডিয়ামই আছে। কিন্তু এদিকে কারও নজর নেই। কিন্তু কে না জানে, দশ বছর আগে পেশাদার লিগ প্রবর্তনের আসল উদ্দেশ্য ছিল হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা। সেটা হলো না আজও। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরতে রাজি নয় ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের ১২ দলের মধ্যে চট্টগ্রাম আবাহনী ছাড়া বাকি ১১ দলেরই হোম ভেন্যু এবার বঙ্গবন্ধু স্টেডিয়াম!
অবশ্য নবাগত সাইফ স্পোর্টিং যশোর এবং শেখ রাসেল ক্রীড়াচক্র ফরিদপুরে ভেন্যু করতে চেয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর ক্লাব দুটি আবেদন করেছে, এই কারণ দেখিয়ে আবেদন গ্রহণ করেনি বাফুফে। এ ক্ষেত্রে কিছুটা ছাড় দিলে হয়তো দুটি নতুন ভেন্যু পেতে পারত প্রিমিয়ার লিগ।
তা না হাওয়ার দায় কার, সে ভিন্ন বিতর্ক। তবে ঢাকার বাইরে ভেন্যু করাটাকে একটা ‘ঝামেলার’ কাজ মনে করে বেশির ভাগ ক্লাব। বাফুফেও এ ব্যাপারে বেশ শীতল মনোভাব নিয়ে চলে। ঢাকার বাইরে গেলেই ক্লাব টাকা চায়, বাফুফের ভয়টা ওখানেও। লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, ‘ঢাকার বাইরে খেলতে গেলে প্রতি ম্যাচের জন্য ২ লাখ টাকা করে চায় ক্লাব। এত টাকা কোথায় পাব আমরা! তবু এবার চট্টগ্রামে গেলে ২ লাখ করে দেব বলেছি। এভাবে গতবার লোকসান গুনে আড়াই কোটি টাকা দিতে হয়েছে। এটা তো সম্ভব নয়।’
কথাটা ঠিক। কিন্তু লিগ চ্যাম্পিয়ন আবাহনী চাইলে তো বিকল্প একটা ভেন্যু করতে পারে। করে না কেন? দলটির ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর সোজাসাপ্টা বলে দেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঢাকায় খেলছি। তাই ঢাকার বাইরে ভেন্যু করার কোনো চিন্তা আমাদের নেই। তবে ফেডারেশন খেলাটা বাইরে নিলে আমাদের আপত্তি নেই।’
আবাহনী এই কথা বললে অন্যরা কী বলবে সহজেই অনুমেয়। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া যেমন প্রশ্ন তোলেন, ‘ঢাকার বাইরে মাঠ কোথায়? যাতায়াত সমস্যা। হোটেল নেই। যাওয়ার বাড়তি খরচটাই বা কে দেবে?’ মজার ব্যাপার, কোটি কোটি টাকায় খেলোয়াড় কিনতে পারে ক্লাব। কিন্তু ঢাকার বাইরে যাওয়া বা মাঠ নেওয়ার প্রসঙ্গ এলেই শুরু হয় নানা ওজর-আপত্তি।
ব্রাদার্সের ম্যানেজার আমের খানের কাঠগড়ায় বাফুফে। যদিও ব্রাদার্সের এই কর্মকর্তা দাবি করেছেন, এবার কমলাপুর স্টেডিয়ামকে ব্রাদার্স নিজস্ব ভেন্যু বানাতে চেয়েছিল। তবে বাফুফে মনে করে, ওখানে প্রিমিয়ার লিগ সম্ভব নয়।
তাহলে বিকল্প ভেন্যু কি হবে না? সালাম মুর্শেদী তাকিয়ে সরকারের দিকে, ‘সরকার সাতটি বিভাগীয় স্টেডিয়াম বাফুফেকে দিচ্ছে। এগুলো সংস্কারের জন্য টাকাও বরাদ্দ হয়েছে। আগামী বছর এ ব্যাপারে অগ্রগতি দেখা যাবে।’ ঢাকার আশপাশে একটি বিকল্প ভেন্যু করার কথাও বলেন সালাম মুর্শেদী। কিন্তু এসব কথার কথাই থেকে যাচ্ছে।