ফুটবল যখন রোনালদোময়

কী আলোয় রাঙা তাঁর ক্যারিয়ার! এমনই যে, বুটজোড়া তুলে রাখার পর চাইলে ক্যারিয়ারের একেকটা অধ্যায় নিয়েই কয়েকটা করে বই লিখতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এখন যে সময়টা কাটাচ্ছেন, এই অধ্যায়ের একটা সুন্দর নামও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভেবে রাখতে পারেন—ফুরিয়ে যাওয়ার দিনগুলোয় রোনালদো!
দু-এক মৌসুম ধরে এই ‘অপবাদের’ সঙ্গে তাঁর নিত্য বসতি। কয়েকটা ম্যাচ গোল নেই! ব্যস, শুরু হয়ে গেল রব—রোনালদো ফুরিয়ে গেছেন! দু-একটা ম্যাচ খারাপ কাটল! না, রোনালদো আর আগের মতো নেই। ড্রিবলিং, স্টেপওভার বাদ দিয়ে এখন শুধু গোলের খোঁজেই থাকেন। রোনালদো আর অন্য স্ট্রাইকারদের মধ্যে পার্থক্য কী!
সমালোচনার জবাব অবশ্য নিয়তই দিয়ে যাচ্ছেন রোনালদো। তবে পরশু যা করলেন, তাতে সমালোচকদের জবাব দেওয়ার সঙ্গে রেকর্ড বইয়ের পাতায় ঝড়ও তুললেন। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ, তাতে মাদ্রিদ ডার্বি! ঘরের মাঠে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। রোনালদো ম্যাচটা রাঙালেন হ্যাটট্রিকে, রিয়ালও ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা দিয়েই রাখল। বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষ আটের দ্বিতীয় লেগের পর পরশুও হ্যাটট্রিক! চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে টানা দুটি হ্যাটট্রিকের রেকর্ড।
প্রায় ১৫ বছর পেশাদারি ফুটবলের সর্বোচ্চ মঞ্চের ধকল সইছে শরীরটা। রেকর্ড মনে না-ও করাতে পারে, কিন্তু রোনালদো তো রক্ত-মাংসের মানুষই। পা জোড়া একটু একটু করে ভারী হচ্ছে তাঁরও। কিন্তু ‘৩২ বছর’ সংখ্যাটার ভার আর চেপে বসতে দিচ্ছেন কই? চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় বয়সের বিরুদ্ধ স্রোতেও বারবারই জিতে যাচ্ছেন রোনালদো। আর জিতে চলেছেন বুদ্ধির প্রয়োগে।
আগের মতো চাইলেই ৯০ মিনিটজুড়ে গতির ঝড় তোলা হয়তো সম্ভব নয়। কিন্তু সে জন্য তো এখন মার্কো অ্যাসেনসিও নামের তরুণ স্প্যানিশ রিয়ালে আছেন, বাঁ দিক থেকে মার্সেলোও হানা দেন চিতার গতিতে। রোনালদো এখন জায়গা নেন তাঁকে যেখানে দলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে। ডি বক্সের ভেতর, সেন্টার ফরোয়ার্ড হিসেবে। রিয়ালকে গোল এনে দেওয়াই এখন তাঁর ব্রত! সেটিই পরশু পালন করলেন আরেকবার। ১০ মিনিটে কাসিমেরোর ক্রসে হেডে করে প্রথম গোল, ৭৩ মিনিটে বক্সের প্রান্ত থেকে বুলেট শটে দ্বিতীয়টি, আর ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে লুকাস ভাসকেজের পাসে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক!
অ্যাটলেটিকো রিয়ালের রক্ষণ ছিল একেবারেই সাদামাটা, পুরো ম্যাচে গোলে শট মাত্র একটি! ম্যাচটা হওয়ার কথা ছিল সময়ের ফুটবলে সবচেয়ে বিখ্যাত দুই ‘নাম্বার সেভেনে’রও লড়াই। এদিকে রোনালদো, ওদিকে আঁতোয়ান গ্রিজমান। তাতে আলো ছড়াল একটাই নাম। ইদানীং যথাযথ ‘নাম্বার নাইনে’র মতো খেললেও নামটা তাঁর ‘সিআর সেভেন’!
ম্যাচটা তাঁরই, কিন্তু পুরো দলকেই কৃতিত্ব দিলেন রোনালদো, ‘পুরো দলকেই অভিবাদন জানাতে হবে, সবাই দুর্দান্ত খেলেছে। গোল করার দায়িত্বটা আমারই ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দুর্দান্ত খেলেছি।’ নিজে নিজের প্রশংসা তো করা যায় না! তবে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ড তাঁর প্রশংসায় হয়তো বলে দিলেন আসল কথাটাই, ‘যখন ও অবসর নিয়ে নেবে, কেবল তখনই আমরা বুঝতে পারব এই লোকটা ফুটবলের জন্য কী করেছে। এখন ও অভিজ্ঞ, জানে, বড় ম্যাচে কী করতে হবে, আর সেই ধারটা তো আছেই। তা দিয়েই চোখ বন্ধ করে পার্থক্য গড়ে দেয়।’
আর এটাই যদি হয় ফুরিয়ে যাওয়ার নমুনা, তাহলে রোনালদো ও তাঁর ভক্তরা এটাই চাইবেন, এই অধ্যায়টাই হোক তাঁর ক্যারিয়ারে দীর্ঘতম। এএফপি, গার্ডিয়ান, গোলডটকম।