ফুটবল যেখানে বিজয়ের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই অংশের অবস্থান মানচিত্রের দুই পাশে। সেখানকার শাসকও ভিন্নমতাবলম্বী দুটি দল। মাঝখানে চিরবৈরী ইসরায়েল। এত সব প্রতিকূলতার মাঝেও ফিলিস্তিনের দুই অংশের ঐক্যের প্রতীক হয়ে উঠছে ফুটবল। ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তার ধুয়া তুলে সফর আটকে দেওয়ার পর অবশেষে গাজার ফুটবল ক্লাব শেজাইয়াকে ফিরতি ম্যাচ খেলতে পশ্চিম তীর সফরের অনুমতি দিয়েছে। ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে হেবরনে।
যুদ্ধ, অবরোধ ও আগ্রাসনের নির্মম রূপটা ভালো করেই জানা ফিলিস্তিনের দেশহীন মানুষদের। দেশটির দুই অংশে খেলা হয় পৃথক দুটি ফুটবল লিগ। তাতে চ্যাম্পিয়ন আল-আহলি ও শেজাইয়া। গাজায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর পশ্চিম তীরের ক্লাব আল-আহলির সঙ্গে ফিরতি ম্যাচ খেলার কথা ছিল গাজার ক্লাব শেজাইয়ার। কিন্তু দলের চার খেলোয়াড়কে নিরাপত্তার অজুহাতে পশ্চিম তীর সফরে বাধা দেয় ইসরায়েল। ফলে বাতিলই হয়ে যায় ৯ আগস্টের ম্যাচটি। পরে অবশ্য ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর দলটিকে পশ্চিম তীরে যাওয়ার অনুমতি দেয় ইসরায়েল।
গত ১৫ বছরে এবারই প্রথম দল দুটি একে অপরের মুখোমুখি হচ্ছে। বিজয়ী দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবে বলে এর গুরুত্বও কম নয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিগত কয়েক বছরে দেশের দুই অংশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেও তা সফল হয়নি। আগ্রাসন, অবরোধ ও রাজনৈতিক তিক্ততার মধ্যে ফুটবল ম্যাচটিকে দেখা হচ্ছে ঐক্যবদ্ধ ফিলিস্তিনের প্রতীকী বিজয় হিসেবে। এএফপি।