ফুটবল লিগ দুদিন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অবস্থা এমন যে, খেলা পিছিয়ে যায় হরহামেশা। সর্বশেষ গতকাল আরও একবার পেছাল।
গতবারের চ্যাম্পিয়ন ও এবার লিগের প্রথম পর্বে শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি বাফুফেকে চিঠি দিয়ে বলল, তাদের কয়েকজন খেলোয়াড়ের চোট আছে। কাজেই খেলা দুই দিন পেছানো হোক! ২৬ জুনের পরিবর্তে তারা খেলতে চেয়েছে ২৮ জুন থেকে। শেখ জামালের দাবি মেনে তাই হলো। দুই দিন পিছিয়ে লিগের দ্বিতীয় পর্ব ২৮ জুন শুরুর সিদ্ধান্ত হয়েছে লিগ কমিটির কালকের সভায়।
কমিটির সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, ‘শেখ জামালের দাবির পাশাপাশি ত্রিপুরায় মুক্তিযোদ্ধার প্রীতি ম্যাচ খেলতে যাওয়াও লিগ পেছানোর কারণ।’ অথচ গত ২০ জুন লিগের দ্বিতীয় পর্ব শুরুর কথা থাকলেও মুক্তিযোদ্ধার জন্যই খেলা শুরুর সিদ্ধান্ত হয়েছিল ২৬ জুন। ওই প্রীতি ম্যাচটি গতকালই খেলার কথা ছিল মুক্তিযোদ্ধার। সে যা-ই হোক, মুক্তিযোদ্ধা ও শেখ জামালের জন্য খেলা পেছাল কিনা সাত দিন! ১৩ আগস্ট লিগ শেষ হবে বলছে লিগ কমিটি। তবে যেভাবে বারবার খেলা পিছিয়ে দেওয়া হচ্ছে, তাতে এই লিগ কবে যে শেষ হবে কে জানে!