ফুটবল লিগ পেছাল আরও এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দেশেরই ঘরোয়া ফুটবল লিগ মাঝপথ পেরিয়েছে বেশ আগেই। অথচ বাংলাদেশে এখনো শুরুই হয়নি। বঙ্গবন্ধু কাপের অজুহাতে লিগটা পিছিয়ে আনা হয়েছিল মার্চে। কথা ছিল ফেডারেশন কাপ শেষে ৯ মার্চ মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। কিন্তু লিগ কমিটির সিদ্ধান্তে সেটি পিছিয়ে দেওয়া হলো ২৫ দিন! লিগ শুরুর নতুন তারিখ আগামী ৩ এপ্রিল।

বাফুফের লিগ কমিটির সদস্য ক্লাবের প্রতিনিধিরাই। ইচ্ছেমতো তাঁরা পুতুল নাচাচ্ছেন। পরশু লিগ কমিটির সভায় শেখ জামাল, শেখ রাসেল ও মোহামেডানের প্রতিনিধিরা বলেছেন, এখনই লিগ নয়। এ মাসের শেষ দিকে অনূর্ধ্ব-২৩ দলের খেলা শেষে একবারেই দল নামাতে মাঠ নামাতে চান।

কয়েকটি ক্লাব অবশ্য ৯ মার্চ থেকে লিগে খেলতে আপত্তি করেনি। কিন্তু প্রভাবশালী ক্লাব যা চায়, তাই হয় এ দেশে। তাই পরিকল্পনা অনুযায়ী ঢাকায় অলিম্পিক ফুটবল বাছাইপর্বের খেলার আগে লিগের প্রথম দুই রাউন্ড হচ্ছে না।

১১ দলের মধ্যে তিনটি বড় দলের ইচ্ছার বিরুদ্ধে বরাবরের মতো এবারও শক্ত অবস্থান নিতে পারেননি লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী। সংখ্যাগরিষ্ঠ ক্লাব খেলতে খেলতে চাইলেও তাদের মত তাই উপেক্ষিতই হলো।

এপ্রিলে লিগ শুরু মানে এক পর্ব শেষ করতেই দুই তিন মাস লাগবে পারে। মাঝখানে নানা অজুহাতে অনেকবারই হয়তো খেলা বন্ধ থাকবে। ‘সময় নেই’, ‘আমরা ক্লান্ত’ ইত্যাদি অজুহাত দেখিয়ে কোনো কোনো প্রভাবশালী ক্লাব পরে না বায়না ধরে ফিরতি পর্বটা না খেলার! তেমন আশঙ্কা এখনই করছেন অনেকে।

লিগ শেষে স্বাধীনতা কাপ ও সুপার কাপ আয়োজনের কথা বলছে বাফুফে। কিন্তু আখেরে এই দুটি টুর্নামেন্টও এবার না হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ। আন্তর্জাতিক আয়োজনই বেশি প্রধান্য পাচ্ছে বাফুফের কাছে। সেই প্রস্তুতিও শুরু। কাল ঘোষিত অনূর্ধ্ব-২৩ প্রাথমিক দলে ডাকা হয়েছে ৩৭ জন খেলোয়াড়কে, ১০ মার্চ বাফুফে ভবনে রিপোর্টিং করে দল যাবে বিকেএসপি। সেখানেই হবে ক্যাম্প। কোচ লোডভিক ডি ক্রুইফও আসছেন।

অনূর্ধ্ব-২৩ প্রাথমিক দল: রায়হান, ইয়াসিন, সোহেল রানা, রুবেল, তকলিস, নাহিদ, ফাহাদ, শাহেদ, সজীব, শাকিল, বাদশা, বাবু, ওয়াহেদ, মিলন, ফারুক, রাসেল, তপু, হেমন্ত, রাকিবুল, সোহেল, সিফাত, ফজলে রাব্বি, ফয়সাল, জুয়েল, ইব্রাহিম, সুজন, জাভেদ, আনিসুর, নাঈমুর, বিশ্বজিৎ, মেজবাহ, কায়সার, নাঈম, কৃষ্ণ, নুরুল, রাফি ও মাসুদ।