ফুটবল লিগ নিয়ে টানাপোড়েন অবশেষে দূর হলো। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন খুলে দিলেন লিগের গেরো। আয় না থাকা সত্ত্বেও ক্লাবগুলোর দাবি মেনে এক লাফে আর্থিক অনুদান আড়াই গুণ বাড়াতে রাজি হয়েছেন সালাউদ্দিন।
এর অর্থ, প্রিমিয়ার লিগের ১১টি দলই এ মৌসুমে বাফুফের কাছ থেকে অংশগ্রহণ ফি পাবে ২৫ লাখ টাকা করে। পাঁচ লাখ টাকা করে কালই পেয়ে গেছে দলগুলো। কিন্তু ‘ঐতিহ্য’ মেনে লিগ শুরু করতে দেরি হচ্ছে ঠিকই। দুই দিন পিছিয়ে লিগ শুরু হচ্ছে ৭ এপ্রিল। শুধুই বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া প্রথম পর্ব শেষ হওয়ার কথা আগামী ২৪ মে।
সর্বশেষ বিলম্বের কারণ গতকালই চূড়ান্ত হওয়া স্পনসর প্রতিষ্ঠানের জন্য ‘একটু প্রচার’। এবার লিগ স্পনসর বাবদ এক কোটি টাকা করে দেবে দুটি তৈরি পোশাক প্রতিষ্ঠান। মজার ব্যাপার, ক্লাবগুলোর দাবি মেটাতে বাফুফের লাগবে পৌনে তিন কোটি টাকা। সব মিলিয়ে লিগ বাবদ খরচ পাঁচ কোটি টাকার মতো। অর্থাৎ তিন কোটি টাকাই ঘাটতি। মাঠে বিলবোর্ড বিক্রি করে কিছু টাকা তোলার পরিকল্পনা অবশ্য আছে। সেটাও যথেষ্ট হবে না। দৃশ্যত ক্লাবজোটকে ‘ম্যানেজ’ করতে গিয়ে আর্থিক সংকট আরও বাড়ছেই বাফুফের।
কালকের সভা শেষে অবশ্য আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বললেন, ‘আমরা বলিনি যে ২৫ লাখ টাকা না দিলে লিগ খেলব না, বা এত টাকা দিতেই হবে। আমি বরং মিটিংয়ে বলেছি দ্রুত খেলা শুরু করতে।’ অন্যরাও টাকা না পেলে খেলব না বলে অমন কঠিন অবস্থান হয়তো নেয়নি, তবে দাবি তোলা মানেই একটা চাপ। এটি সত্য যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বেশ উচ্চকণ্ঠ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি, সঙ্গে পাচ্ছে মোহামেডানকেও। তারা কিছু চাওয়া মানে বাফুফের পক্ষে ‘না’ বলা খুবই কঠিন। শেষ পর্যন্ত সেটিই হলো। তবে আসন্ন মৌসুমে সব ক্লাবকে সমান টাকা দেওয়া হবে না। ১২টি দলকে তিন ভাগে ভাগ করে পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী ৩০, ২০, ১০ লাখ টাকা করে দেওয়া হতে পারে।
আরেকটা বড় খবর, এ মৌসুমের পরের মৌসুমে বিদেশি খেলোয়াড়ের কোটা আরও কমছে। সর্বোচ্চ তিনজন বিদেশিকে নিবন্ধন করা যাবে, এক ম্যাচে খেলতে পারবে সর্বোচ্চ দুজন। বিদেশিদের মেলাটা অবশেষে নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে আসছে।
উল্লেখ্য, দুই বছর আগেও সাতজনকে নিবন্ধন করিয়ে খেলানো যেত চারজনকে। পরে সেটি কমিয়ে করা হয় পাঁচ-তিন। এবার তিনজনকে খেলার নিয়মটা বহাল আছে। আগামী মৌসুমে সংখ্যাটা দুই হবে, অর্থাৎ স্থানীয় খেলোয়াড়দের সুযোগ বাড়বে। লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর ঘোষণা, ‘স্থানীয় খেলোয়াড়দের আরও বেশি খেলার সুযোগ দিতেই আমরা আগামী মৌসুমে বিদেশি কোটা দুজন করছি। এটা এখনই জানিয়ে দেওয়ার অর্থ, সব ক্লাব যাতে সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারে।’
তবে কোনো কোনো বড় ক্লাব স্থানীয়দের নিয়ে ভালো দল গড়তে না পারলে নিতে পারে ভিন্ন অবস্থান। চাপ দিয়ে তারা যে বিদেশি খেলোয়াড় বাড়িয়ে নেবে না, সেই নিশ্চয়তা কিন্তু নেই। অতীত সেই কথাই বলে!