ফুটবল লড়াইয়ে 'ফর্মুলা ওয়ান'-এর স্বাদ!

‘দুই সাইড ব্যাক সার্কাস ফুটবল খেলেছে’—ম্যাচ শেষে ক্ষোভের সঙ্গে বলছিলেন মোহামেডান স্পোর্টিং লিমিটেডের অধিনায়ক ফয়সাল মাহমুদ। মোহামেডান অধিনায়কের ক্ষোভের কারণ আছে।
মোহামেডান-সাইফ স্পোর্টিং ম্যাচে রাজত্ব করেছে দুই দলের চার উইঙ্গার। অন্যভাবে বললে দুই দলের চার ফুলব্যাককে (সাইডব্যাক) ঘুরতে হয়েছে হন্যে হয়ে। ফুটবল তো অবশ্যই, তবে কখনো কখনো ম্যাচের গতি দেখে মনে হতে পারে ‘ফর্মুলা ওয়ান’ চলছে!
সাইফ স্পোর্টিংয়ের দুই উইঙ্গার ডান প্রান্ত দিয়ে জুয়েল রানা আর বাঁ প্রান্ত দিয়ে মতিন মিয়া যেভাবে ঝড়ের গতিতে আক্রমণে উঠেছেন। মোহামেডানের দুই উইঙ্গার ফয়সাল মাহমুদ ও তকলিস আহমেদও তাই। দুই দলের উইঙ্গারদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে খাবি খেতে হয়েছে ফুলব্যাকদের। আর ভোজবাজির মতো প্রথমার্ধে পরিবর্তন হয়েছে স্কোর লাইনের ডিজিট। মোট পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধেই হয়েছে গোল পাঁচটি। প্রথমার্ধের শেষ ৩৫ মিনিটে গড়ে সাত মিনিটে হয়েছে একটি করে গোল।
শেষ ম্যাচে ফরাশগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহামেডান। যেখানে শেষ করেছিল, সেখান থেকেই আজ সন্ধ্যায় শুরু সাদা-কালো জার্সিদের। দুর্ভাগ্য, দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি তারা। ম্যাচ শুরুর ১০ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ডান প্রান্ত থেকে এনকোচা কিংসলের ক্রসে গোলমুখ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন উইঙ্গার তকলিস। ১২ মিনিট পরেই মোহামেডান উইঙ্গারের গোলের বদলা নিয়েছেন যৌথভাবে সাইফের দুই উইঙ্গার মতিন ও জুয়েল।
মোহামেডান রাইট ফুলব্যাক নাসিরুলকে গতিতে পেছনে ফেলে বক্সে ঠিকানা লিখে দেওয়ার মতো ক্রস করেন মতিন। সেন্টারব্যাক মানিক ও লেফট ফুলব্যাক মনিরের ফাঁক গলে বের হয়ে হেডে গোল করে সমতায় ফেরান জুয়েল। গোল-পাল্টাগোলের খেলা শুরু। দ্রুত বদলাতে থাকে ম্যাচের দৃশ্যপট। ৩২ মিনিটে মোহামেডানকে আবার এগিয়ে নেন অধিনায়ক ফয়সাল। অবশ্য এই গোলে সাইফের গোলরক্ষক জিকোর ব্যর্থতার পাল্লাই অনেক গুণ বেশি। ডান প্রান্ত থেকে ফয়সালের ইনস্টেপ শুটিংয়ের ক্রস ফিস্ট করতে গিয়ে জালে ঢুকিয়ে দেন জিকো। এরপর শুরু ‘কলম্বিয়ানশো’। ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করেছেন দুই কলম্বিয়ান দিনার আন্দ্রেস ও হ্যাম্বার ভ্যালেন্সিয়া। মোহাম্মদ শাকিলের কর্নারে মিডফিল্ডার দিনার আনদেস হেডে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ে মতিনের বাড়ানো বল বক্সের বাঁ প্রান্ত থেকে দূরের পোস্টে এরিয়াল প্লেসিংয়ে ব্যবধান ৩-২ করেন ভ্যালেন্সিয়া। গোলের টাইমলাইনের পরতে পরতেই আঁকা ম্যাচের রোমাঞ্চ।
ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দেওয়ার উপকরণ আছে আরও। দুইবার এগিয়ে গিয়েও মোহামেডান কোচ সৈয়দ নঈমুদ্দিন রক্ষণাত্মক হননি। ঠিক তেমনি ৩-২ গোলে প্রথমার্ধ শেষ করার পরেও দ্বিতীয়ার্ধে শুধু রক্ষণ সামলানোর চেষ্টা করেনি সাইফের ব্রিটিশ কোচ কিমগ্রান্ট। ফলে আক্রমণভাগের লড়াইটা হয়েছে উন্মুক্ত। উইঙ্গারদের গতিময় প্রদর্শনীতে টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাইফ স্পোর্টিং। চতুর্থ হারের স্বাদ পাওয়া মোহামেডানের অর্জন সেখানে ৩ পয়েন্ট।