ফুটবলই প্রেরণা ফিলিস্তিনিদের

ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় ফিলিস্তিনের জনপদ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রতিনিয়তই ঝরে যাচ্ছে নিরীহ মানুষের প্রাণ। বেঁচে থাকাটাই এই মুহূর্তে সেখানকার সবচেয়ে বড় সংগ্রামের নাম। এর মধ্যে ফুটবল! ব্যাপারটা কল্পনা করতেও অনেকের বাধবে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এত প্রতিকূলতার মধ্যেও ফিলিস্তিন এখন নিজেদের সেরা সময়টা পার করছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে ফিলিস্তিন উঠে এসেছে ৮৫তম অবস্থানে। উত্তর আয়ারল্যান্ড ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতারের চেয়েও এগিয়ে আছে তারা। গত বছর এএফসি চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতে টিকিট পেয়েছে এশিয়ান কাপের চূড়ান্তপর্বের। ২০১৫ সালেই ফিলিস্তিন প্রথমবারের মতো অংশ নেবে এশিয়ার সবচেয়ে বড় এই প্রতিযোগিতায়। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনের ফুটবলের এই উত্থানটা সত্যিই বিস্ময়কর।
গত বছর এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ফিলিস্তিন। তবে সেই সুখস্মৃতিটা মিলিয়েই গেছে অস্থির ভূ-রাজনীতির অভিশাপে।
যে গাজাকে ফিলিস্তিনি ফুটবলারদের কারখানা বলে বিবেচনা করা হয়, সেখানে ফুটবল খেলার কথা কল্পনা করাও কঠিন। গত ৮ জুলাই থেকে ইসরায়েলের বোমা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ। ফিলিস্তিনের সাবেক তারকা ফুটবলার আহেদ জাকোতও মারা গেছেন ইসরাইলের নারকীয় বোমা হামলায়। গাজার ফুটবলাররা ফিলিস্তিনের জাতীয় দলেও যোগ দিতে পারছেন না ইসরায়েলের অবরোধের কারণে।
শুধু পশ্চিম তীরের ফুটবলারদের নিয়েই গড়া হচ্ছে ফিলিস্তিনের জাতীয় দল। আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য তাদের অনুশীলন ক্যাম্পটাও করতে হবে কাতার বা জর্ডানের মতো অন্য কোনো দেশে।
এত কিছুর মধ্যেও ফুটবলই হয়ে উঠেছে ফিলিস্তিনের আশার প্রতীক। আগামী বছর এশিয়ান কাপে গ্রুপপর্বে ফিলিস্তিনকে খেলতে হবে জাপান, ইরাক ও জর্ডানের বিপক্ষে। কঠিন এসব প্রতিপক্ষকে পেছনে ফেলে ফিলিস্তিন হয়তো পাবে না দ্বিতীয় রাউন্ডের টিকিট। কিন্তু ফিলিস্তিনিদের অদম্য মনোবলকে নিশ্চিতভাবেই সমীহ করবে ফুটবল বিশ্ব।