ফুটবলকে বিদায় রিকেলমের

আর্জেন্টিনার অজস্র ‘নতুন ম্যারাডোনা’র মিছিলে তাঁর নামটা থাকে শুরুর দিকেই। হুয়ান রোমান রিকেলমে মানেই যেন অলস ফুটবল সৌন্দর্যের নান্দনিক ফুল। তবে সেই ফুল আর সৌরভ ছড়াবে না, পরশু আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন প্লে-মেকার।
বয়স হয়ে গেছে ৩৬, তবে রিকেলমের খেলা ছাড়া সিদ্ধান্তটা খানিকটা চমক হয়েই এসেছে। সামনের মৌসুমে প্যারাগুয়ের ক্লাব সেরো পোরতেনোতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। শেষ পর্যন্ত ক্যারিয়ারের শুরুটা যেখানে হয়েছিল, সেই আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়েই শেষ ম্যাচটা খেললেন পরশু। ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে রিকেলমে পরশু বললেন, ‘আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম, খেলা চালিয়ে যাওয়ার জন্য কিছু একটা আগ্রহ আমার থাকতে হবে। আমার মনে হয় ঠান্ডা মাথায় এটা মেনে নেওয়া ও জানিয়ে দেওয়ার সেরা সময় যে আমি আর খেলছি না। রোববার অসাধারণ একটা দিন ছিল। আমি মাঠে গিয়েছি ও যেটা সবচেয়ে ভালো লাগে সেটা করতে পেরেছি।’ মাঠের ফুটবল ছাড়া তাঁর কাছে জীবনটা কেমন হবে সেটি এখনো বুঝে উঠতে পারছেন না রিকেলমে, ‘আমার সামনে নতুন জীবনের দরজা খুলে যাচ্ছে, কিন্তু আমি জানি না সেটির মধ্যে ফুটবলের কতটা ভূমিকা থাকবে।’
শুরু ও শেষটা আর্জেন্টিনোসে হলেও নিজের সেরা সময়টা কাটিয়েছেন বোকা জুনিয়র্সে। আর্জেন্টিনার এই ক্লাবের হয়ে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছেন, একবার জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল কাপ (আগের ফিফা ক্লাব বিশ্বকাপ)। একবার হয়েছেন দক্ষিণ আমেরিকার বর্ষসেরা খেলোয়াড়, আর্জেন্টিনার হয়ে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন চারবার।
তবে ইউরোপে সেভাবে আলো ছড়াতে পারেননি রিকেলমে। ২০০২ সালে বার্সেলোনায় নাম লেখানোর পর নিজের ছায়া হয়ে ছিলেন। পরে ভিয়ারিয়ালে অবশ্য নিজেকে ফিরে পেয়েছিলেন, স্প্যানিশ ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও নিয়ে গিয়েছিলেন। দেশের হয়ে সবসুদ্ধ ৫১ ম্যাচ খেলে গোল করেছেন ১৭টি। ইএসপিএন, ফিফাডটকম।