ফুটবলকে রাউলের বিদায়

জয় আর শিরোপা দিয়েই শেষ হলো রাউল গঞ্জালেজের ফুটবল ক্যারিয়ার। পরশু শেষ ম্যাচে তাঁর দল নিউইয়র্ক কসমস ৩-২ গোল হারাল অটোয়া ফিউরিকে। জিতল নর্থ আমেরিকান সকার লিগ (এনএএসএল) শিরোপা। এর আগে ২০১৩ সালের যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের এই লিগ জিতেছিল কসমস।
এটিই যে তাঁর শেষ ম্যাচ আগেই জানিয়ে দিয়েছিলেন রাউল। ৩৮ বছর বয়সী স্ট্রাইকার সেটির পুনরাবৃত্তি করলেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও, ‘এটিই ছিল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ।’ খুশি শেষের পাণ্ডুলিপিটা যেমন চেয়েছিলেন তেমনই হওয়ায়, ‘আমি আনন্দিত। যা করেছি তার জন্য গর্বিত। দারুণ একটা বছরের জন্য ক্লাব, সতীর্থ এবং সমর্থক, সবাইকে ধন্যবাদ। আমার নতুন জীবন শুরু হচ্ছে অন্য একটা প্রকল্পে।’
কবে, সেই প্রকল্পটা কী কিছুই বলেননি রিয়ালের হয়ে ৩টি চ্যাম্পিয়নস লিগ ও ৬টি লিগ শিরোপা জেতা রাউল। তবে ধারণা করা হচ্ছে কসমসের যুব একাডেমিকে এখন আরও বেশি করে সময় দেবেন। কসমসে খেলার পাশাপাশি এত দিন ক্লাবটির যুব একাডেমির পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
শেষ ম্যাচে গোল করতে না পারলেও দলের তিনটি গোলের একটির উৎস ছিলেন রাউল। দলের উদ্যাপনটা হলো তাঁকে ঘিরেই। কোচের পাশাপাশি তাঁকে চ্যাংদোলা করে শূন্যে দোলালেন সতীর্থরা। ট্রফি নিয়ে করলেন উৎসব। কসমসের এই শিরোপা উৎসবে রাউলের উদ্যাপনসঙ্গী ছিলেন তাঁর মেয়ে মারিয়াও।
কসমসের হয়ে শেষটা হলেও রাউল থাকবেন ‘রাউল মাদ্রিদ’ হয়েই। বার্নাব্যুতে ১৬ বছরের ক্যারিয়ারে সবসুদ্ধ বার্নাব্যুর দলটির হয়ে জিতেছেন ১৬টি শিরোপা। ক্রিস্টিয়ানো রোনালদো ভেঙে দেওয়ার আগে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩২৩ গোলের রেকর্ড ছিল তাঁরই। তবে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৭৪১ ম্যাচ খেলার রেকর্ডটা হয়তো অক্ষতই থেকে যাবে। এএফপি, রয়টার্স।