
ভালো চিঠি লিখতে পারেন। গত বছর ব্রিটিশ রেকর্ড ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর লিখেছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশে। বছর ঘুরতে না ঘুরতেই আবার কলম ধরলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। অপ্রাপ্তির এক মৌসুম শেষে গত বৃহস্পতিবার প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার পর এবার ইউনাইটেড সমর্থকদের ‘খোলা চিঠি’ দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার।
যেভাবে চলে গেলেন, তাতে ইউনাইটেড সমর্থকেরা ক্ষুব্ধ। অনেকে তো ‘কাপুরুষ’, ‘মেরুদণ্ডহীন’ও বলছেন আর্জেন্টাইন উইঙ্গারকে। ক্রুদ্ধ ‘সাবেক’ সমর্থকদের শান্ত করতেই হয়তো ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছেন ডি মারিয়া।
‘আমি জানি, যেমন আশা করেছিলাম, সবকিছু সেভাবে হয়নি। বিশ্বাস করুন, আমি নিজেও এর জন্য দুঃখিত’—ইউনাইটেড সমর্থকদের উদ্দেশে লিখেছেন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন।
ব্যর্থতার জন্য দায়ী করেন নিয়ন্ত্রণের বাইরের কারণগুলোকেই, ‘একজন ফুটবলারের ক্যারিয়ারে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতেই পারে। আমি নিশ্চিত করতে পারি এটা চেষ্টার কমতির কারণে হয়নি। আমি সর্বোচ্চ চেষ্টাই করেছি। কিন্তু ফুটবল তো আর অঙ্কের মতো নয়, প্রায়ই নিয়ন্ত্রণের বাইরের ব্যাপারগুলো আমাদের অনুভূতি ও ঘটনার পরিণতিতে প্রভাব ফেলে।’
বিদায়বেলায় ক্লাবের পরিচালক, কোচ-সতীর্থদের তো ধন্যবাদ জানিয়েছেনই, ডি মারিয়া বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ইউনাইটেড সমর্থকদেরও, ‘বিশেষ ধন্যবাদ জানাই সমর্থকদের যাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং ভালোবাসা ও সম্মান দিয়েছেন। পিএসজিতে চলে যাচ্ছি, কিন্তু গৌরবোজ্জ্বল ম্যানচেস্টার ইউনাইটেড সব সময় আমার স্মৃতিতে থাকবে।’ দ্য গার্ডিয়ান।