বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও ফুটবল তাঁদের মন থেকে মুছে যায়নি। সুযোগ পেলেই তাঁরা খেলতে চান। ঢাকার জুনিয়র লিগে খেলার মতো সামর্থ্য কিছু ছাত্রের আছে। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ও গ্রিন ইউনিভার্সিটি আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের দ্বিতীয় দিনে গতকাল এই ধারণা পাওয়া গেল।
আজ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরশু মাঠের খেলা শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। কাল সিটি ইউনিভার্সিটি ১-১ গোলে ড্র করেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের কোচিংয়ে গড়ে ওঠা সাউথইস্টের সঙ্গে। ব্র্যাক ৩-০ গোলে স্টামফোর্ডকে এবং একই ব্যবধানে ফারইস্ট হারিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে।
গত বছর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বন্ধুর জন্য জীবন উৎসর্গ করা তরুণ ফারাজ আইয়াজ হোসেনের নামে এই ট্রফির নাম—‘ফারাজ চ্যালেঞ্জ কাপ’। সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিমুক্ত সমাজ গড়তেই এই আয়োজন। এবং তাতে সাড়া পড়েছে। কমলাপুর স্টেডিয়াম বেশ সরগরম। একেকটি দল আসছে, খেলে বেরিয়ে যাচ্ছে। আরেক দল আসছে। ছাত্ররা গ্যালারিতে বসে নিজেদের দলকে উৎসাহ দিচ্ছেন।
২০ দলের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ ৭০ মিনিটের। ম্যাচ দেখে আয়োজক কমিটির সদস্যসচিব শেখ মোহাম্মদ আসলাম উচ্ছ্বসিত, ‘দারুণ খেলছে ছেলেরা। দু-একজনকে তো মনে হয়েছে প্রিমিয়ার লিগেও খেলতে পারে।’
সুযোগ পেলে এসব ছাত্র ক্লাব পর্যায়ে খেলতে চান। মামুনুল ইসলামের মতো বাঁ পা-টা ভালোই চলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাফির। খেলার এক ফাঁকে বললেন, ‘ক্লাবে সুযোগ পেলে অবশ্যই সেটা নেব।’ এরপরই তাঁর প্রশ্ন, ‘কিন্তু সুযোগ কে দেবে?’ ক্লাবগুলো সক্রিয় নয়, আগের মতো খেলোয়াড় খোঁজে না। তবে ছাত্ররা বললেন, ফুটবল ভালোবাসেন বলেই পড়াশোনার চাপ সামলে খেলেন।
তানজীব নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রও দৃষ্টি কেড়েছেন। স্টামফোর্ডের বিপক্ষে ৩ গোলের দুটিই তাঁর বানিয়ে দেওয়া। এই খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন অনেকেই। এবার টুর্নামেন্ট হচ্ছে তড়িঘড়ি। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেনি অনেক দলই।
তবে বিশ্ববিদ্যালয়ে যে খেলার সংস্কৃতি তৈরি হচ্ছে, সেটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন গ্রিন ইউনিভার্সিটির কোচ রাশেদুল ইসলাম, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলচর্চা কমে গেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে সেটা ফিরে আসছে। এটা সুখবর।’ অন্য কোচদের মুখেও শোনা গেল একই কথা।