ফুটবলটাকে 'বোরিং' করে তুলছে বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খুব একটা অনিশ্চয়তা কী ছিল ম্যাচটাকে ঘিরে? ঘরের মাঠে প্রথম লেগে ২-০ গোলে হেরে গিয়েছিল আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে বার্সেলোনাকে তাদেরই মাঠে ৩ গোলের ব্যবধানে হারাতে হতো। মেসি, নেইমার, সুয়ারেজরা যেমন ফর্মে আছেন, তাতে সেটি শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভবও। অসম্ভবটাকে সম্ভব করতে তো পারলই না গানাররা, উল্টো ৩-১ গোলে হেরে আরও একবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। 

বার্সার হয়ে গোল করেছেন কারা? একটু নাটক করে বলা যায়, ‘দ্য ইউস্যুয়াল সাসপেক্টস’। প্রথম গোলটি নেইমারের, অসাধারণ ভলিতে দ্বিতীয়টি লুইস সুয়ারেজের আর শেষটা লিওনেল মেসির। মাঝে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেছেন এই জানুয়ারিতেই দলে যোগ দেওয়া মোহামেদ এলনেনি।
ন্যু ক্যাম্পে কাল রাতে ম্যাচটা আসলে হয়েছেই একটু ঢিমেতালে। যেন দুই দলই আগে থেকেই ভাগ্য পড়ে নিয়েছে। একটু ভাঙাচোরা দল নিয়ে আর্সেনাল চেষ্টা করেছে। মেসুত ওজিল, ড্যানি ওয়েলবেক, এলনেনিরা বার কয়েক বার্সার গোলমুখে ভয় ধরাতে চেয়েছিলেন। কিন্তু এমএসএনের জাদুই শেষ পর্যন্ত ভাগ্য গড়ে দিয়েছে।
ম্যাচের প্রথম সুযোগটা তৈরি করেছে বার্সাই। নেইমারের অসাধারণ পাসটি দুর্দান্তভাবে নিয়ন্ত্রণে নিয়েও গোল করতে পারেননি মেসি। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। আর্সেনালের রক্ষণের ওপর চাপ তৈরি করে বল কেড়ে নিয়েছিলেন সুয়ারেজ। সেটি বাড়িয়ে দিয়েছিলেন নেইমারের দিকে। এরপরের শব্দটা অনুমান করে নিতেই পারছেন—গোল!
প্রথমার্ধে ওই একটিই গোল। বাকি তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে গোলার মতো শটে এলনেনি খেলায় সমতা নিয়ে এসেছিলেন। কিন্তু সেটি বেশিক্ষণ টিকলে তো! ১৪ মিনিট পর সুয়ারেজের গোল, চোখে লেগে থাকার মতো ভলিতে। আর সঙ্গী দুজন গোল করে ফেলেছেন, মেসিই বা বসে থাকবেন কেন! খেলা শেষ হওয়ার মিনিট দু-এক আগে দুর্দান্ত চিপে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এ নিয়ে ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশিবার বল জড়ালেন মেসি (৯)।
প্রথম লেগের পর দ্বিতীয় লেগে দুর্দান্ত এই ত্রয়ীর কাছেই হারল আর্সেনাল। আরও একবার অসহায়ভাবে ম্যাচ শেষে ‘এমএসএন’ ত্রয়ীর প্রশংসা করতে হলো গানারদের কোচ ওয়েঙ্গারকে। বললেন, মেসি-নেইমার-সুয়ারেজ একসঙ্গে মিলে ‘সাধারণ বিষয়কেও শিল্পে পরিণত করেন’।
এ নিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত বার্সা। পাঁচ মাস ধরে হারে না। নিকট ভবিষ্যতে কবে হারবে সেটাও জোর করে বলা যাচ্ছে না। বার্সার খেলা দেখার একটা আনন্দ আছে। তবে যে ম্যাচের ফল মোটামুটি আপনি আগে থেকেই জানেন, রাত জেগে সেই খেলা দেখা কঠিনই। ফুটবলের রোমাঞ্চ লুকিয়ে আছে এর অনিশ্চয়তায়। ফলাফলটাকে প্রায় নিশ্চিত বানিয়ে সেটাকেই এখন এমন ‘বোরিং’ করে তুলেছে বার্সা!