ফুটবলময় আরেকটি রাতের অপেক্ষা

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল সকালে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে গতকাল অনুশীলনে ফুরফুরে মেজাজেই পাওয়া গেল নেইমার (বাঁয়ে) ও থিয়াগো সিলভাকে।ছবি: সিবিএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাক, অবশেষে কোপা আমেরিকা শুরু হচ্ছে!

লাতিন ফুটবলের ভক্তদের কথাটা পছন্দ না-ও হতে পারে ধরে নিয়েই বলতে হচ্ছে, গ্রুপ পর্বে এত দিন যা হয়েছে তা আসলে গা-গরমের ম্যাচ! ১০ দল থেকে ৮ দল বেছে নেওয়ার প্রক্রিয়ায় দুই গ্রুপ থেকে অনুমিতভাবেই বাদ পড়েছে দুর্বলতম দুই দল বলিভিয়া ও ভেনেজুয়েলা।

তো, কোপার শুরুর দিনটায় মাঠে নামছে গতবারের সেরা দুটি দল। আজ রাত পার হওয়া ভোরে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে আগের দুবারের চ্যাম্পিয়ন চিলির। আর বাংলাদেশের আকাশে সূর্য আড়মোড়া দেওয়ার আগেই গতবারের রানার্সআপ পেরু খেলে ফেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

সে ম্যাচে ঐতিহ্য প্যারাগুয়েকেই এগিয়ে রাখে। কিন্তু ফর্মের কথা চিন্তা করলে দুশ্চিন্তাটাও তাদেরই বেশি। গ্রুপ পর্বে পেরু শুধু ব্রাজিলের কাছেই হেরেছে। সে তুলনায় প্যারাগুয়ের বড় ম্যাচের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। চিলি ও বলিভিয়াকে হারালেও গ্রুপের বড় দুই দল আর্জেন্টিনা এবং উরুগুয়ের কাছে হেরেছে তারা।

এ অঞ্চলের কেউ যদি এ ম্যাচে চোখ রাখেন, সেটা নিতান্তই কৌতূহলবশত। সেমিফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কে এবং তারা কেমন খেলে, সেটা দেখার জন্য। আসলে এমন দাম্ভিক দাবি তোলার মতোই খেলছে ব্রাজিল। এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষস্থান বুঝে নেওয়া এই দলকে আরেকটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন নেইমার।

গত কোপা আমেরিকায় নেইমার চোটের জন্য খেলতে পারেননি। তাঁকে ছাড়াই সেবার শিরোপা জিতে নেয় ব্রাজিল। এবার তাই ক্ষুধা মেটানোর পালা নেইমারের। কিন্তু এই নেইমারই আবার ভয়ের জায়গা ব্রাজিলের! এবার দলের নাম্বার টেনকে কেন্দ্র করে খেলানোর ঘোষণা দিয়েছেন কোচ তিতে। মাঠেও তা দেখা যাচ্ছে। কিন্তু চতুর্থ ম্যাচেই এ পরিকল্পনার ফাঁক টের পাওয়া গেছে। নেইমারবিহীন ব্রাজিলকে সেদিন প্রথম তিন ম্যাচের সঙ্গে মেলানো যায়নি। নেইমারের একটা বাজে দিনে ব্রাজিল কেমন খেলে, সে শঙ্কা তাই থাকছেই। তা ছাড়া এবার খুব বাজে ফর্মে থাকলেও আর্তুরো ভিদালের চিলি সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বরাবরই বিখ্যাত।

কোপার আলোচনার মধ্যে ইউরোর প্রসঙ্গ টানতে একটু দেরিই হয়ে গেল। ফুটবলীয় আকর্ষণ ও খেলার মানের দিক দিয়ে কোপার চেয়ে এবার ঢের ব্যবধানেই এগিয়ে ইউরো। ফুটবল ইতিহাসেরই সেরা একটি দিন উপহার দিয়েছে ইউরোর শেষ ষোলোর পর্ব। সে দিনের দুই মূল চরিত্রই মাঠে নামবে আজ রাত ১০টায়।

যেকোনো টুর্নামেন্টে বাজির দর দেখেও ফেবারিটদের নাম বলে দেওয়া যায়। ইদানীং টুর্নামেন্টের শুরুতে আগের মতো সেটা জানানোর গরজ খুব একটা দেখায় না সংবাদমাধ্যমগুলো। অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠেও বাজিকর প্রতিষ্ঠানগুলোর আস্থা খুব একটা জোগাড় করতে পারেনি সুইজারল্যান্ড। তাদের ইউরো জেতার সম্ভাবনার দর এখন ২৫/১। কিন্তু পরিসংখ্যান আর বাজির দর দিয়ে কি ফুটবল চলে? স্যার অ্যালেক্স ফার্গুসন সেই কবেই বলেছেন, ফুটবল, ব্লাডি হেল! ২২ বছর পর সেই অনুভূতিই বারবার ফিরিয়ে আনছে এই ইউরো।

স্পেনের মুখোমুখি হচ্ছে আজ সুইজারল্যান্ড। প্রথম কোনো দল হিসেবে ইউরোয় টানা দুই ম্যাচে ৫ গোল করেছে স্প্যানিশরা। ওদিকে সেরা চার তৃতীয় দলের একটি হয়ে নক আউট পর্বে উঠেছিল সুইসরা। কিন্তু এটাও ভুলে যাওয়া যাচ্ছে না যে, গত ২৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে স্পেনের জয়কেও ম্লান করে দিয়েছিল সুইজারল্যান্ড। ৩-১ গোলে পিছিয়ে থেকেও টুর্নামেন্টের টপ ফেবারিট ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে উঠে এসেছে শেষ আটে।

ফুটবলে সাফল্য সব সময় খেলোয়াড়ের দক্ষতা, কোচের কৌশল আর দলের ফর্ম বা ফেবারিটের তকমা থেকে আসে না। আকাঙ্ক্ষার তীব্রতা, আবেগ, মানসিক দৃঢ়তাই বড় এখানে। সে সঙ্গে দরকার এক চিমটি ভাগ্য। ফ্রান্সের বিপক্ষে এর সবই দেখিয়েছে সুইজারল্যান্ড। স্পেনকে তাই ফেবারিট পরিচয়টা আজ এক পাশে সরিয়ে রেখেই নামতে হবে মাঠে।

কোয়ার্টার ফাইনালের ‘ব্লকবাস্টার’ ম্যাচটা হবে আজ রাত ১টায়। র‍্যাঙ্কিংসেরা বেলজিয়াম মুখোমুখি হবে ইতালির। টুর্নামেন্টের শুরুতে এগিয়ে থাকা বেলজিয়াম চার ম্যাচেই জিতেছে। ওদিকে ইতালি চার ম্যাচ জিতলেও কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের অতিরিক্ত সময়ে যেতে হয়েছে। তবু বিশ্লেষক থেকে শুরু করে বাজির দর, সবখানেই এগিয়ে আছে ইতালি।

টানা ৩১ ম্যাচ ধরে অপরাজিত দলটা, খেলছে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল। সঙ্গে প্রতিপক্ষের চোটের সমস্যাও এ ম্যাচে আজ্জুরিদের এগিয়ে রাখছে। ছিটকে পড়ার আগে পর্তুগাল যে বিদায়ী ‘উপহার’ই দিয়ে গেছে বেলজিয়ামকে! চোটের কারণে এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনা আজ মাঠে নামতে পারেন কি না, তা নিয়ে সংশয় আছে। দিনের সবচেয়ে বড় ম্যাচটার মীমাংসা হয়তো এ দুজনের থাকা না থাকার ওপরই নির্ভর করবে। তবে রোমেলু লুকাকু বা দ্রিস মের্তেন্সদেরও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সিরি আর সুবাদে এ দুজনকেও যে ভালোভাবে চেনা ইতালির!

এখন শুধু আরেকটি দুর্দান্ত ফুটবলময় রাতের অপেক্ষা।