ফুটবলার কেনাবেচার চর্চাটা বাংলাদেশে নেই। বাংলাদেশে ক্লাবগুলো এক একজন ফুটবলারের সঙ্গে গোটা মৌসুমের জন্য চুক্তি করে। যে ক্লাব থেকে খেলোয়াড় নিচ্ছে, সেই ক্লাব কোনো টাকা পায় না।গোটা প্রক্রিয়াটাই অপেশাদার। তবে এবার পেশাদারির প্রাথমিক সিঁড়িতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। সেই দায়িত্ব নিল বাফুফে। নির্দিষ্ট করে বললে কাজী সালাউদ্দিন।
বাফুফে সভাপতি কাল স্থানীয় কোচদের এক অনুষ্ঠানে চমক-জাগানিয়া ঘোষণাই দিলেন, ‘কোচরা এখন থেকে সারা দেশ থেকে প্রতিভা তুলে এনে ফেডারেশনের কাছে বিক্রি করতে পারবেন। প্রতিভা পছন্দ হলে একজনের জন্য অন্তত ৫০ হাজার টাকা দেওয়া হবে সংশ্লিষ্ট কোচকে। অঙ্কটা এক লাখও হতে পারে।’
বাফুফে খেলোয়াড় কিনে একাডেমিতে নেবে। তারপর পরিচর্যা করে ক্লাবের কাছে বিক্রি করবে। সেটা হতে পারে ধরুন ২০ লাখ টাকা। সালাউদ্দিন বললেন, ‘২০ লাখ কেন? আন্তর্জাতিক পর্যায়ে বিক্রি করতে পারলে ২০ কোটিও হতে পারে।’
পেশাদার ফুটবল পৃথিবীতে খেলোয়াড় কেনাবেচা করে ক্লাব। এটা ফেডারেশনের কাজ নয়। কিন্তু বাংলাদেশ বাকি বিশ্ব থেকে অনেকটা আলাদাই। এখানে ক্লাব খেলোয়াড় তৈরি করে না। তারা অপাত্রে ৩০-৩৫ লাখ টাকা ঢেলে খেলোয়াড় কিনতে পারে, অথচ খেলোয়াড় তৈরিতে রাজ্যের অনীহা। ফলে শেষ পর্যন্ত দায়িত্বটা নিতে হচ্ছে কিনা ফেডারেশনকে!
কালকের অনুষ্ঠানটা ছিল ব্রাজিল বিশ্বকাপ কাভার করে আসা সাংবাদিকদের সঙ্গে লিগ কোচেস ফোরামের মতবিনিময়। সাংবাদিকদের বিশ্বকাপ অভিজ্ঞতা থেকে কোচরা কীভাবে উপকৃত হতে পারেন, সেটাই মূল প্রতিপাদ্য। কিন্তু বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে কাজী সালাউদ্দিন সেটাতে দিলেন ভিন্ন মাত্রা।
বিশ্বকাপ কাভার করে আসা আট-দশজন সাংবাদিকের কাছ থেকে কোচরা জানলেন অনেক কিছুই। তার মধ্যে আছে কোচরা স্বাধীনভাবে কাজ করেছেন বিশ্বকাপে। তাঁদের হাতে অনেক টেকনিক্যাল লোক থাকে। প্রধান কোচের দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বাহক থাকেন সহকারীরা। কোচদের আচরণ, খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্ক সবই শিক্ষণীয়। অনুশীলন-সুবিধা অনেক। যে কারণে কোচ তাঁর মতো করে সিদ্ধান্ত নিতে পারেন।
আলোচনায় এসেছে, এবার হল্যান্ড কোচ দু-তিনটি ম্যাচে ৩-৫-২ ছকে খেলিয়েছেন। পরশু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে দুই ভাগে খেলানো অনুশীলন ম্যাচেও এই ছকটা অনুসরণ করেছেন বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বললেন, ‘আমিও এই পদ্ধতিতে কয়েকটা লিগ ম্যাচ খেলেছি।’
আরেকটা ব্যাপার, বাংলাদেশে ফুটবল ম্যাচ চলার সময় ডাগ-আউটে অনেক সময় ম্যানেজার বা অন্য কর্তাদের খেলোয়াড়দের নির্দেশনা দিতে দেখা যায়। কিন্তু বিশ্বকাপে শুধুই কোচরা ছিলেন ডাগ-আউটে। এটা কোচদেরই কাজ। সাংবাদিকদের মুখে এসব অভিজ্ঞতা শুনে কোচরা বললেন, বাংলাদেশেও এমন হওয়া উচিত। কোচেস ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক ইতি টানলেন এভাবে, ‘আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম। আশা করি, এই অভিজ্ঞতা আমাদের এগিয়ে নেবে।’
কোচদের মধ্যে আরও ছিলেন মারুফুল হক, আবু ইউসুফ, জাকারিয়া বাবু, জুয়েল রানা, আলফাজ আহমেদ, নিজাম মজুমদার প্রমুখ।