ফুটবলার গড়ার টাকাতেই মেসিদের বিরুদ্ধে কুৎসা?

করোনাকালে সবকিছুই দূর অতীত বলে মনে হচ্ছে। কিন্তু কেলেঙ্কারির বয়স খুব বেশি দিন নয়। ফেব্রুয়ারিতেই খবর এসেছিল মেসি-পিকেদের নামে কুৎসা রটাতে ক্লাবের অর্থ খরচ করেছিলেন বার্সেলোনা সভাপতি। এ কাজে নিয়োগ দেওয়া হয়েছিল আইথ্রি ভেঞ্চার নামের এক প্রতিষ্ঠানকে। সে প্রতিষ্ঠানকে দেওয়া অর্থের অঙ্ক নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল, অডিট করা হচ্ছে আসলেই আইথ্রিকে দেওয়া অর্থের পরিমাণটা প্রায় ১০ লাখ ইউরো নাকি দেড় লাখ—এটা জানার জন্য। এর মধ্যেই নতুন এক অভিযোগ উঠেছে। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়ার বাজেট থেকেই নাকি এই অপকর্ম করার অর্থ জুগিয়েছে বর্তমান বোর্ড!
বার্সেলোনার ইতিহাসের সেরা প্রজন্মের দেখা মিলেছে গত এক দশকে। এর পেছনে মূল ভূমিকা ছিল লা মাসিয়ার। ইয়োহান ক্রুইফের স্বপ্নের সেরা ফলটা গত এক দশকে দেখেছে বার্সেলোনা। নিজেদের একাডেমির খেলোয়াড় দিয়েই যে এই আধুনিক যুগেও একটি দল সৃষ্টি করা যায়, আর সে দল দিয়ে ইউরোপে ছড়ি ঘোরানো যায় সেটা দেখিয়েছেন মেসি-জাভি-ইনিয়েস্তা-পিকেরা। মেসিদের পরে সে দায়িত্ব বুঝে নেওয়ার মতো খেলোয়াড় সৃষ্টি করতে পারছে না লা মাসিয়া। সোনালি প্রজন্মের পর বলার মতো তেমন কোনো ফুটবলার এখনো বের হননি। এ মৌসুমেই শুধু আনসু ফাতিকে দেখা যাচ্ছে আলো ছড়াতে।
স্প্যানিশ পত্রিকা স্পোর্তের জাভি তোরেস যে বোমা ফাটিয়েছেন, তাতে অবশ্য লা মাসিয়ার করুণ দশায় অবাক হওয়ার কিছু নেই। এই সাংবাদিকের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ংকর সব তথ্য। তোরেসের তথ্য অনুযায়ী বার্সেলোনা আইথ্রির একটি সহযোগী প্রতিষ্ঠান তান্ত্রা সফটকে ২ লাখ ৯৭ হাজার ইউরো দেওয়ার চুক্তি করছিল। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ইউরো দেওয়া হয়েছে ২০১৮-১৯ সালে। বাকিটা এই মৌসুমেই দেওয়ার কথা ছিল। কিন্তু ২২ ফেব্রুয়ারি কাদেনা সারের ওই প্রতিবেদনের পর আইথ্রির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা। ফলে আর ৯৯ লাখ হাজার ইউরো পাওয়া হয়নি তান্ত্রা সফটের।
এ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সব কাজে জড়িত ছিলেন বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর উপদেষ্টা জওমে মাসফেরের। ‘বার্সাগেট’ (কুৎসা রটানোর কেলেঙ্কারির নাম) প্রকাশিত হওয়ার পর তাঁকে এ চাকরি হারাতে হয়েছে। জাভি তোরেস জানিয়েছেন, তান্ত্রার সঙ্গে বার্সার এ চুক্তিতে যাওয়ার সব খবরই মাসফেরের অন্য নির্বাহীদের জানিয়েছিলেন। ২০১৮ সালের অক্টোবরের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কেলেঙ্কারি ধরা পড়ে যাওয়ার পর বাকি নির্বাহীরা সবাই অজ্ঞতার ভান করেছেন।
লা মাসিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক মাস আগে তাদের কাছে এ মৌসুমের প্রথম ছয় মাসের আর্থিক অবস্থার কথা জানতে চাওয়া হয়েছিল। সেখানেই তারা দেখতে পান ৯৯ হাজার ইউরোর একটি বিল। সে বিলের সঙ্গে লা মাসিয়ার কোনো সম্পর্ক নেই এবং একাডেমির বাজেটে এ নিয়ে কিছু ছিল না। বিলটি তান্ত্রা সফটের নামে। একাডেমি এ ব্যাপারে ক্লাবের কাছে জিজ্ঞেস করলেও কোনো সদুত্তর মেলেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তান্ত্রা সফটের পুরো অর্থ এক সঙ্গে দেওয়া হয়নি বোর্ড পরিচালকদের নজর এড়ানোর জন্য। দুই লাখ টাকার নিচের বিলের জন্য পরিচালকদের অনুমতির প্রয়োজন হয় না। তাই প্রথমভাগে ১ লাখ ৯৮ হাজার ইউরো দেওয়া হয়েছিল। এই দুর্নীতির দিকে ইঙ্গিত করেই ছয় পরিচালক পদত্যাগ করেছিলেন।