ফুটবলার তৈরিতে বাংলাদেশে আসছেন স্প্যানিশ কোচ

পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে পেশাদার প্রিমিয়ার ফুটবলে নাম লেখানোর পর থেকে সাইফ স্পোর্টিং ক্লাব দেখিয়ে আসছে একের পর এক চমক। যুব ফুটবলার তৈরিতে তারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছে কদিন আগে। এবার তারা স্পেন থেকে নিয়ে আসছে কোচ।
বাংলাদেশের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাইরে (ভারত) প্রাক্ মৌসুমের প্রস্তুতি ক্যাম্প করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। যুব ফুটবলার তৈরিতেও উদ্যোগী হয়েছে তারা। ২৪ ফুটবলারকে গড়ে তুলতে ২২ জুলাই বিকেএসপির সঙ্গে তাদের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। ভালো মানের ফুটবলার তৈরিতে এবার তারা স্পেন থেকে কোচ নিয়ে আসছে। নাম আন্দ্রেস ভার্গাস। ৩২ বছর বয়সী স্প্যানিশ এই কোচের জীবনবৃত্তান্ত যথেষ্ট সমৃদ্ধ। স্প্যানিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের যুবদলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। গত মৌসুমে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে বিলবাও।
ভার্গাসের বাংলাদেশে পা রাখার কথা আগামী বুধবার। বর্তমানে তিনি স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব এসডি ইরানদিওর ক্রীড়া পরিচালক হিসেবে কাজ করছেন। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বিভিন্ন সময়ে যুব প্রকল্প নিয়ে কাজ করার অভিজ্ঞতাও আছে তাঁর। ভার্গাসকে নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বললেন, ‘তরুণ ও যুব ফুটবলে তার কোচিং অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তাকে বেছে নেওয়া এ কারণেই।’