ফুটবলার হওয়ার স্বপ্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাইওনিয়ার লিগে খেলতে বয়স নির্ধারণী পরীক্ষা। দীর্ঘ সময় এভাবে দাঁড়িয়ে থাকতে অধৈর্য নয় ওরা। কয়েক দিন ধরেই এই দৃশ্য দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে l বাফুফে
পাইওনিয়ার লিগে খেলতে বয়স নির্ধারণী পরীক্ষা। দীর্ঘ সময় এভাবে দাঁড়িয়ে থাকতে অধৈর্য নয় ওরা। কয়েক দিন ধরেই এই দৃশ্য দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে l বাফুফে

বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় সুই পড়ার জায়গা নেই। গিজগিজ অবস্থা। কয়েক শ কিশোর লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়। কখন আসবে ডাক! কখন দরজা ঠেলে ভেতরে ঢুকে বিচারকদের সামনে দাঁড়াবে। বিচারকের সঙ্গে আছেন বয়স নির্ধারণী বিশেষজ্ঞও। সন্দেহ হলে কোনো ছেলেকে হয়তো জেরা করছেন নানাভাবে, বয়স কত...কোন ক্লাসে পড়। আবার কাউকে ছেড়ে দিচ্ছেন সহজেই। কেউ ওখান থেকে বেরোচ্ছে হাসিমুখে। কারও মুখ গোমড়া। বিচারকেরা হয়তো বয়স চুরি ধরে ফেলেছেন!
এমনই এক মিশ্র অনুভূতি নিয়ে কিশোরেরা ছাড়ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। এরা সবাই এসেছে শিগিগরই শুরু হতে যাওয়া এবারের পাইওনিয়ার লিগে খেলতে। ফুটবলার তুলে আনার সূতিকাগার এই লিগে খেলার বয়সসীমা অনূর্ধ্ব-১৬। কিন্তু ১৭, ১৮, ১৯, ২০ বছরের ছেলেরাও চলে এসেছে পরীক্ষা দিতে। সবাই আসছে দলে দলে, তাই গোটা আয়োজনটা চোখ কেড়ে নিচ্ছে। গত কয়েক দিনে এসেছে প্রায় তিন হাজার কিশোর। আগামী কয়েক দিনে আসবে আরও।
একই দলের পক্ষে খেলতে চট্টগ্রাম থেকে বয়সের পরীক্ষা দিতে এসেছে ৭৮ জন! অথচ নিবন্ধন করা যাবে ৩০ জন। তার মানে ৫০টি ছেলে অতিরিক্ত এসেছে। আশা, যদি সুযোগ পাওয়া যায়! এবার পাইওনিয়ারে নিবন্ধন করা চট্টগ্রামের ওই দলটির নাম মাদারবাড়ী সোবহানিয়া একাডেমি।
আগে পাইওনিয়ারের দলগুলো ছিল ঢাকাভিত্তিক। এখন ঢাকার বাইরের অনেক দল এসেছে। গতবার এই লিগে দলের সংখ্যা ছিল ৬০, এবার ৭৪টি নিবন্ধন হয়ে গেছে। পুরোনো দল ৫২টি, বাকিগুলো নতুন।
এত এত ছেলের ভিড়ে চোখ কাড়ল দুই জোড়া যমজ। অবশ্য ওরা বেশি বয়সের কারণে বাদ পড়েছে। আবার একই চেহারার দুজন এবং দুজনেরই একই টোকেন নম্বর দেখে ধাঁধায় পড়লেন এক কর্মী। কানাডাপ্রবাসী এক কিশোর এল, সেও পাইওনিয়ার লিগে খেলতে চায়।
এদের এমন আগ্রহ দেখে মনে প্রশ্ন জাগে, যে দেশের কিশোরদের মধ্যে ফুটবল খেলার এত আগ্রহ, সেই দেশটির জাতীয় দল কেন ভুটানের কাছে হারে! অনেকে বললেন, কিশোরদের আগ্রহটা কাজে লাগানো যায় না, তাই জাতীয় দলের এমন ভগ্ন অবস্থা।
পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর দুঃখ করেন, ‘পরের দিকে আর পরিচর্যা হয় না এই ছেলেদের। তাই অনেক ছেলে হারিয়ে যায়।’ জাহাঙ্গীর তুলে আনেন আসল সমস্যাটা, ‘এখন ভালো মাঠে আমাদের খেলাটা আয়োজন করতে হবে। কিন্তু ঢাকা শহরে মাঠ কোথায়! ভালো মাঠ পাওয়া যাচ্ছে না, মাঠে স্থাপনা উঠছে বা নানাভাবে দখল হয়ে যাচ্ছে।’
এটাই সব কথার শেষ কথা। পাইওনিয়ার লিগটা গত আট-নয় বছর টানা হচ্ছে ঠিকই, কিন্তু অযত্নে, অবহেলায় পড়ে থাকা এবড়োখেবড়ো মাঠে খেলে অনেক নবীন আহত হয়। মাঠের ব্যাপারটা যতটা গুরুত্ব পাওয়া কথা, ততটা পায়নি কখনো। এটাই বড় হতাশার।