ফুটবলারদের অবরোধ করে মহানাটক

স্ট্রাইকার শাখাওয়াত রনির কাঁধে হাত রেখে শেখ রাসেলের কর্মকর্তা সালেহ জামান সেলিম বললেন, ‘বাবারা, গাড়িতে ওঠো।’
বাধ্য সন্তানের মতো ব্যাগপত্তর নিয়ে মাইক্রোবাসের পেছনে গিয়ে বসলেন শাখাওয়াত রনি, নাসিরুল ইসলাম ও আলমগীর রানা। সামনের আসনে জামাল ভূঁইয়া ও মোনায়েম রাজু। পেছনে আরেক গাড়িতে আতিকুর রহমান মিশু ও গোলরক্ষক রাসেল মাহমুদ। কাল দুপুরে এই খেলোয়াড়দের সঙ্গে করেই বাফুফে ভবন ছাড়লেন শেখ রাসেল কর্মকর্তারা।
অথচ কাগজে কলমে এঁরা কেউই শেখ রাসেলের ফুটবলার নন! আজ দলবদলের জন্য ফুটবলারদের নাম নিবন্ধন ফরম ছাড়া হবে। ওই ফরমে সই করার আগ পর্যন্ত সব ফুটবলারই উন্মুক্ত।
শেখ রাসেলের ওই কর্মকর্তা অবশ্য শাখাওয়াত রনিসহ সাতজনকে নিজেদের খেলোয়াড় দাবি করলেন। আর ভবনের তৃতীয় তলায় বসা শেখ জামাল ক্লাবের কর্মকর্তারা ফুটবলারদের চলে যাওয়া দেখলেন অসহায় চোখে। অথচ জাতীয় দলে খেলা ১১ ফুটবলারকে নিজেদের দাবি করে পরশু রাতে টিম হোটেল থেকে ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শেখ জামাল।
শেষ পর্যন্ত পুলিশের বাধায় খেলোয়াড়দের নিতে পারেনি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। কাল সকালে পুলিশি পাহারায় হোটেল থেকে ভবনে আসেন জাতীয় দলের ২৩ ফুটবলার। এরপর শুরু নতুন এক নাটক।
সকাল থেকেই ভবনে পুলিশ গিজগিজ করছিল। প্রধান ফটক ছাপিয়ে অভ্যর্থনাকক্ষের সামনে ও তৃতীয় তলায় পুলিশ। মামুনুল, হেমন্ত, রনিদের ‘বুঝে’ নিতে ততক্ষণে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় শেখ জামাল, শেখ রাসেল, ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তাদের মধ্যে। চলে উত্তপ্ত বাক্যবিনিময়ও। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে সংবাদ সম্মেলনকক্ষের মধ্যে পুলিশের পাহারায় প্রায় ঘণ্টা তিনেক অবরুদ্ধই থাকতে হয়েছে ফুটবলারদের। ওই সময় ক্লাব কর্মকর্তারা সম্মেলনকক্ষে ঢুকতে চাইলেও পুলিশ বাধা দিয়েছে।
তবে পাশেই সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের কক্ষে বসে ছিলেন শেখ জামালের কর্মকর্তারা। তাঁরা প্রত্যেক ফুটবলারের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। পুলিশি পাহারায় একেকজন এসে রীতিমতো ‘ইন্টারভিউ’ দিয়ে যান ওই কক্ষে। অধিনায়ক মামুনুল ইসলাম কক্ষ থেকে বেরিয়েই জানিয়ে দেন, শেখ জামালের সঙ্গে তাঁর গাঁটছড়া শেষ, ‘আমি শেখ জামালে এই মৌসুমে খেলব না। তবে যদি এএফসি কাপের জন্য খেলতে বলা হয়, অতিথি হিসেবেই খেলব।’
আন্তর্জাতিক ফুটবলে কোনো সাফল্য নেই। সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ব্যর্থতার পরও এই ফুটবলারদেরই নিজেদের ক্লাবে ভেড়াতে ‘কাড়াকাড়ি’ কর্মকর্তাদের। ফুটবলারদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতেও অকৃপণ ক্লাবগুলো।
ফুটবলারদের নিয়ে এমন কাড়াকাড়ি দেখে অনেকে ফিরে গেলেন সোনালি অতীতে। কিন্তু সত্তর-আশির দশকের মতো ফুটবলাররা মাঠ মাতাতে পারছেন কই? সাম্প্রতিক সময়ে নানা ঘটনার জন্ম দেওয়া শেখ জামালের সঙ্গে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে মাঠের বাইরেও অন্য ক্লাবগুলোর অদৃশ্য লড়াই চলছিল। ফুটবলার ‘ছিনিয়ে’ নেওয়ার ঘটনায় এই লড়াইয়ে এক অর্থে হেরেই গেল শেখ জামাল। গতকাল থেকে শুরু হওয়া এএফসি কাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য তাই নতুনদের ওপরই ভরসা রাখতে হবে জামালকে।
শেখ জামালের প্রতিবাদ: গতকাল খেলার পাতায় ‘ম্যাচের পর টিম হোটেলে তুলকালাম’ শিরোনামের খবরের প্রতিবাদ জানিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রতিবাদপত্রে বলা হয়েছে, ক্লাবের পরিচালক ইকবাল খোকন অস্ত্র নিয়ে হোটেলে ঢোকেননি। প্রতিবেদকের জবাব: প্রতিবেদক কোথাও বলেননি, ওই কর্মকর্তা অস্ত্র নিয়ে হোটেলে ঢুকেছেন। জাতীয় দলের ম্যানেজার ইলিয়াস হোসেনই দাবিটা করেছেন। তাঁর দাবিই শুধু ছাপা হয়েছে প্রতিবেদনে