ফুটবলারদের অবিশ্বাস্য বেতনের বিপক্ষে 'কোটিপতি' মাতাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে টাকার অঙ্ক বেশি বলে মনে করেন হুয়ান মাতা।
ফুটবলে টাকার অঙ্ক বেশি বলে মনে করেন হুয়ান মাতা।

ফুটবল মানেই এখন যথেচ্ছ টাকার ঝনঝনানি। পেট্রোডলার সবুজ মাঠে ঢুকে পড়েছে বেনোজলের মতো। একটা সময় ফুটবলাররা দৌড়াতেন টাকার পেছনে, আর এখন টাকাই দৌড়ায় ফুটবলারদের পেছনে। হুয়ান মাতার এই ব্যাপারটাই ঠিক পছন্দ হচ্ছে না। যে কথাটা মুখ ফুটে কেউ বলেননি, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার সেটাই বলে দিয়েছেন অকপটে।


এখনকার ফুটবলাররা যে একটু বেশিই টাকা পান, সেটা মাতা সরাসরিই বলে দিলেন, ‘ফুটবলে টাকার অঙ্ক খুবই বেশি। মনে হচ্ছে, আমরা একটা বুদ্‌বুদের ভেতর বাস করছি। সমাজের বাকিদের তুলনায় আমরা উদ্ভট একটা অঙ্ক পাই। এটা আসলেই অনেক বেশি।’
দুই বছর আগে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মাতা। নিজেও বেতনও কম পান না, সপ্তাহে দেড় লাখ পাউন্ড। তাঁর থেকেও বেশি পান অনেকেই। আর তাঁদেরও চাহিদার শেষ নেই, নতুন চুক্তি মানেই পকেটে আরও গুচ্ছগুচ্ছ টাকা। মাতা সেটিই মনে করিয়ে দিলেন, ‘ফুটবলবিশ্বের হিসেবে আমি মোটামুটি একটা টাকা পাই। কিন্তু স্পেনের ৯৯.৯ শতাংশ ও বাকি দুনিয়ার তুলনায় আমার অঙ্কটা খুবই অদ্ভুত।’
অনেক তরুণ ফুটবলারও এখন অবিশ্বাস্য বেতন টাকা পান। মাতা তাদের পা মাটিতে রাখারই পরামর্শ দিলেন, ‘যখনই কোনো খেলোয়াড় বড় ক্লাবে যোগ দেয়, নিজেকে সে ডিয়েগো ম্যারাডোনা ভাবা শুরু করে। হয়তো সবার ক্ষেত্রেই এটা ঘটে, তবে তরুণদেরটাই বেশি চোখে পড়ে। তারা ভাবে, তারা রক স্টার–জাতীয় কিছু, দামি দামি পোশাক পরে, চোখধাঁধানো গাড়ি চালায়। কখনো কখনো তাদের একপাশে সরিয়ে কিছু জিনিস বোঝানোর দরকার আছে।’
মাতার দাবি, খেলায় টাকা নয়, আবেগটাই তাঁর কাছে বড়, ‘আমি ফুটবলের ব্যবসায়িক দিকটা উপভোগ করি না, খেলাটাই আমার কাছে বড়। আমি অনুশীলন ও প্রতিযোগিতা ভালোবাসি। ব্যবসা কম হলে আমি কম টাকা নিতেও রাজি আছি।’