ফুটবলারদের আত্মোপলব্ধি কতটা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনে আড্ডায় এক কর্মকর্তা বলছিলেন, ‘হোসে মরিনহোকে আনলেই বা কী? আমাদের দলের অবস্থা বদলাবে না। যাহা বাহান্ন, তাহাই তেপ্পান্ন।’ একটা ব্যাখ্যাও দিলেন, ‘খেলোয়াড়দের আত্মোপলব্ধিই আসল। ওদের অনেকেরই খেলায় মনোযোগ নেই। ফেডারেশন যত কিছুই করুক মাঠে খেলবে খেলোয়াড়েরা। তাই খেলোয়াড়দের হাতেই আসল চাবিকাঠি।’
রূঢ় শোনালেও কথাগুলো নিয়ে ভাবার অবকাশ আছে! সম্প্রতি সাফ ফুটবলে ভরাডুবি, বঙ্গবন্ধু গোল্ড কাপে নতজানু অবস্থা বা বিশ্বকাপ বাছাইপর্বের ৮ ম্যাচে ৩২ গোল হজম—বেশির ভাগ ফুটবলারেরই মাঠের খেলায় মনোযোগ ছিল না বলে অভিযোগ তো এমনিই ওঠেনি। শৃঙ্খলাভঙ্গের ব্যাপারটা যোগ হয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ যেন এসে দাঁড়িয়েছে খাদের কিনারে।
বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ দলে পঞ্চম, সংগ্রহে মাত্র ১ পয়েন্ট। তারই মূল্য দিয়ে এখন তাজিকিস্তানের সঙ্গে ২ ও ৭ জুন খেলতে হবে প্লে-অফ ম্যাচ। এই পর্বটা উতরাতে পারলে ২০১৯ এশিয়া কাপের বাছাইপর্বে ঢোকার ছাড়পত্র মিলবে। হারলে সেপ্টেম্বরে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ পাওয়া যাবে। ভুটানকে হারাতে পারলেও এশিয়া কাপের বাছাইপর্বে যাওয়া যাবে।
কিন্তু এই দুটি লাইফ লাইন কাজে লাগাতে না পারলে সর্বনাশ। আগামী তিন বছর আর আন্তর্জাতিক ম্যাচ পাওয়া যাবে না। একটা সন্ধিক্ষণেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয় দল। তৃতীয়বার বাফুফে সভাপতি নির্বাচিত হয়েই কাজী সালাউদ্দিন সেই উপলব্ধি থেকে বলেছেন, ‘যে করেই হোক কোয়ালিফাই করতেই হবে আমাদের। এ জন্য প্রয়োজনীয় সবই করতে আমি তৈরি।’
তবে ভুটান ম্যাচ পর্যন্ত নয়, তাজিকদের হারিয়েই লক্ষ্য পূরণ করতে চান সালাউদ্দিন। তাই তড়িঘড়ি নিয়ে আসা হচ্ছে পুরোনো কোচ লোডভিক ডি ক্রুইফকে। আগামীকাল এই ডাচ কোচের ঢাকায় আসার কথা।
কিন্তু কোচ শুধু পরিকল্পনাই করতে পারেন, রণকৌশল সাজাতে পারেন। কিন্তু সৈনিকদের অনেকেরই যুদ্ধে মন না থাকলে, শৃঙ্খলা না মানলে ময়দানে অস্ত্র ও গোলাবারুদ কম ব্যবহার করেই বাজিমাত করবে প্রতিপক্ষ!
দুর্ভাগ্যজনক হলেও এসব উপসর্গ যোগ হওয়ায় কেরালা সাফে ভরাডুবি হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মামুনুল, সোহেল রানা, জাহিদ ও ইয়াসিনকে এক বছর ও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় জাতীয় দলে। এরই মধ্যে মামুনুল ও সোহেল রানাকে ক্ষমা করা হয়েছে। তাঁরা কাল অনুশীলনেও যোগ দিয়েছেন।
মামুনুল অনুশীলনে এসে নানা কথা বলেছেন। পরশু যেমন বলছিলেন স্বস্তিতে শ্বাস নিতে পারছেন। কালও একই কথা বলেছেন, ‘স্বস্তির নিশ্বাস ফেললাম। মানসিক চাপে ছিলাম। এখন মুক্তি পেলাম।’ তবে তাঁর একটা কথা তাৎপর্যপূর্ণ। মামুনুল বলেছেন, ‘এ থেকে একটা শিক্ষা নিলাম। ভবিষ্যতে এটা কাজে লাগবে।’
কিন্তু বাংলাদেশ দলের অন্য যেসব খেলোয়াড় শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে এসেছেন, তাঁদের মধ্যে কি আত্মোপলব্ধি জাগল?
খেলোয়াড়দের সঙ্গে কথা বললে মনে হয়, সবই ঠিক। সবাই এমনভাবে বলেন যেন খেলার প্রতি তাঁদের মনোযোগ এক শ ভাগেরও বেশি। এটি থাকলে যদিও সাম্প্রতিক ফুটবলে এমন ভরাডুবি হয় না। তারপরও সব ভুলে নতুন শুরুর কথা বলা হচ্ছে। ডিফেন্ডার নাসিরুল ইসলাম যেমন বাফুফে ভবন থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে বলছিলেন, ‘আমাদের সব মনোযোগ এখন তাজিকিস্তান ম্যাচের দিকে।’
তাঁর সঙ্গে থাকা ডিফেন্ডার মিশু ২০১০ সালে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকদের বিপক্ষে বাংলাদেশের সেই জয়ের স্মৃতিটা তুলে আনেন। ওই ম্যাচে মিশু দারুণ একটা গোল করেছিলেন। সেটা মনে করে এই ডিফেন্ডার বললেন, ‘তাজিকিস্তানকে অবশ্যই হারানো যাবে, আমরা তো ওদের হারিয়েছি।’
কিন্তু এই তাজিকদের কাছেই নিকট অতীতে ৫-০ গোলে উড়ে যাওয়ার ক্ষতও আছে বাংলাদেশের। সেই ক্ষতে মলম লাগাতে ফুটবলারদেরই সবচেয়ে বেশি জেগে ওঠা জরুরি।