
এমনিতে কাজী সালাউদ্দিন অপ্রয়োজনে কথা বলেন কম। ফুটবলাররা তাঁর কথা শোনার উপলক্ষ তেমন পান না। তবে যখনই তিনি ফুটবলারদের নিয়ে বসেন এবং বক্তব্য দেন, সেটি মনে রাখার মতো বিষয় হয়ে ওঠে।
কাল যেমন বাফুফে সভাপতি বসেছিলেন অনূর্ধ্ব-২৩ ফুটবল দল নিয়ে। এশিয়াডের প্রস্তুতি নিয়ে খেলোয়াড়েরা বাফুফে ভবনে এসে রিপোর্ট করার পর এল সেই ক্ষণ। দুই ডাচ কোচকে নিয়ে সালাউদ্দিন ফুটবলারদের উদ্দেশে ১৬ মিনিট আবেগঘন বক্তব্য দেন। বক্তব্যের সময় পিনপতন নীরবতা। ফুটবলাররা চুপ হয়ে শুনেছেন। সালাউদ্দিন বললেন, ‘যেভাবে চলছে, তাতে ফুটবল আর বাঁচানো যাবে না। ফেডারেশন, কোচ, মিডিয়া—কেউ পারবে না। এটা পারবে শুধু তোমরা। এখন তোমাদের দায়িত্ব ফুটবলকে বাঁচানো।’
সালাউদ্দিন বলতে থাকেন, ‘জোড়াতালি দিয়ে আর ফুটবল চলবে না। রেজাল্ট নেই বলে স্পনসর আনা কঠিন হয়ে গেছে। আমি দায়িত্ব নেওয়ার সময় আগে ঠিকমতো লিগ হতো না। কিন্তু এখন খেলা নিয়মিত মাঠে আছে। খেলোয়াড়েরা টাকা পাচ্ছে, কিন্তু যত কিছুই করা হোক, জাতীয় দলের রেজাল্ট দরকার। এ ছাড়া আর কোনো উপায় নেই।’
সালাউদ্দিন কাল দুপুরে ফেডারেশনে এসে শোনেন এই দলের ডাক পাওয়া জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামই রিপোর্ট করতে আসেননি চট্টগ্রাম থেকে। তাঁর চাচা মারা গেছেন। তিন-চার দিন পর কুলখানি করে নাকি আসবেন। এটা জেনে সালাউদ্দিন হতাশ হয়েছেন।
তাঁর কথা, ‘১৯৯৪ সালে আমি যখন কোচ, আমার বাবাকে দুপুরে কবর দিয়ে বিকেলেই অনুশীলনে যাই। বাবা ছিলেন আমার সব। সেই শোক সামলে আমি খেলার প্রতি নিজের দায়বদ্ধতা দেখিয়েছি। অথচ আমাদের অধিনায়ক চাচা মারা গেছেন বলে এলই না। চাচা মারা যাওয়ায় আমি ব্যথিত নিশ্চয়ই, কিন্তু দলের প্রতি অধিনায়কের কোনো দায়বদ্ধতা না দেখে আমি সত্যিই খুব অবাক এবং কষ্ট পেয়েছি।’
খেলোয়াড়দের কাছে বারবারই একটা আবেদন রাখেন সালাউদ্দিন। বলেন, ‘প্লিজ তোমরা মাঠে এক শ ভাগ দাও। শতভাগ না দিলে ফল আসবে না।’ একই সঙ্গে তুলে আনেন একটা দুঃখের কথাও, ‘গত সাফে নেপালে যাওয়ার আগে খেলোয়াড়দের হাতখরচ ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে টাকার ঘাটতি হওয়ায় পাঁচ হাজার করে আমরা দিতে চাই। কিন্তু কয়েকজন খেলোয়াড় পাঁচ হাজার টাকা নেয়নি। এটা দুঃখজনক। তখনই আমি বলেছিলাম, এমন মানসিকতার খেলোয়াড় নিয়ে এই টিম রেজাল্ট করতে পারবে না।’
‘আমি তোমাদের বকছি না’—এই বলে এক পর্যায়ে বলেন, ‘সবাই আদর করেও তো কিছু কথা বলে।’ ফুটবলের জন্য খেলার আবেদন জানান তিনি সবার কাছে, ‘আমি বলছি না আকাশের চাঁদ আনতে হবে, শুধু নিজের সেরাটা দাও।’
সালাউদ্দিনের অনুরোধে খেলোয়াড়েরা কতটা সাড়া দেবেন, তা দেখা যাবে আগামী মাসের তৃতীয় সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে। এমনিতে জাতীয় দলের প্রতি ফুটবলারদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন আছে অনেকের মনেই। দলবদল সামনে রেখে গত সাফ ফুটবলে ফুটবলারদের অনেকে সেরাটা দেননি মাঠে। কেউ কেউ মাঠের বাইরে ছিলেন চোটের অজুহাতে।
এশিয়াডে ভালো করলে স্পনসরের কাছে যেতে একটু সুবিধা হয়। সালাউদ্দিনের তাই এত আকুতি।