ফুটবলারদের জর্ডান-প্রস্তুতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশায় এলেন ইমন বাবু। সিএনজিচালিত অটোরিকশায় শাহেদুল আলম ও আতিকুর রহমান ফাহাদ। পেছনে লাগেজ হাতে জুয়েল রানা। খানিক আগে নারায়ণগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে এলেন ওয়ালী ফয়সাল। শাখাওয়াত রনি ও জামাল ভূঁইয়া নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টা খানেক আগে এসে বাফুফে ভবনের প্রবেশদুয়ারের দিকে ছুটলেন।
আগামী ২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। জর্ডানে যাওয়ার পথে ১৮ মার্চ বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। কাল তাই শুরু হয়ে গেল জাতীয় দলের ফুটবলারদের আবাসিক ক্যাম্প। প্রাথমিক দলে ডাক পাওয়া ২২ ফুটবলারের ভবনে মিলিত হওয়ার উদ্দেশ্যও সেটাই। বিকেল সাড়ে চারটায় ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কাছে সবাই রিপোর্ট করলেন। আজ কমলাপুর স্টেডিয়ামে কোচ গঞ্জালো মোরেনো জাতীয় দলের অনুশীলন শুরু করবেন।
শৃঙ্খলা ভাঙার অভিযোগে গুরুত্বপূর্ণ সাত ফুটবলার যোগ দিতে পারছেন না ক্যাম্পে। এর সঙ্গে বাজে পারফরম্যান্স ও কার্ড সমস্যায় নেই জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। জর্ডানের মাঠে গিয়ে দ্বিতীয় সারির বাংলাদেশ কতটুকু ভালো খেলবে, অনুশীলন শুরুর আগেই সেই প্রশ্নের সামনে ফুটবলাররা।
দলের একমাত্র অভিজ্ঞ স্ট্রাইকার শাখাওয়াত আলী রনিও মানছেন পথটা কতখানি ‘বন্ধুর’ হবে, ‘এ মুহূর্তে মামুন ভাইয়ের জায়গায় আরেকজন এসে খেলবেন তেমন ফুটবলারই নেই। আমাদের জন্য কাজটা কঠিনই হবে।’
এই বাস্তবতা মেনে নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। তারপরও নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত রনি, ‘গুরুত্বপূর্ণ ফুটবলারদের অনেকে বাদ পড়েছে। এর একটা প্রভাব পড়বেই খেলায়। তবুও সেরাটা দেওয়ার চেষ্টা করব। দায়িত্বও বেড়ে গেল অনেক।’
সেরা দল নিয়েও ঢাকায় জর্ডানের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠের সুবিধা নিয়ে জর্ডান আরও বিধ্বংসী চেহারায় দেখা দেবে, এটাই তো স্বাভাবিক। তা ছাড়া ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে জর্ডান। ১৫ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়াকে টপকানোর সুযোগটা কাজে লাগাতে চাইবে তারা। এসব নিয়ে মোটেও ভাবছেন না ওয়ালী ফয়সাল। অন্তত ড্র করেই মাঠ ছাড়তে চান এই লেফটব্যাক, ‘আমাদের লক্ষ্য থাকবে ড্রয়ের।’
বারবার কোচ বদল হচ্ছে। তবু গোলরক্ষক আশরাফুল রানার চোখে এটি সমস্যা মনে হচ্ছে না, ‘মারুফ ভাইয়ের সঙ্গে জাতীয় দলে কাজ করেছেন মোরেনো। সব ফুটবলারই তাঁর চেনা। আশা করি সমস্যা হবে না।’
দেশের বাইরে খেলোয়াড়দের শৃঙ্খলা ধরে রাখার ব্যাপারে কাল কড়া সতর্কবার্তাই দিলেন ম্যানেজার সত্যজিৎ, ‘শৃঙ্খলার ব্যাপারে কাউকেই ছাড় দেব না আমি।’