বাফুফে ভবনের তৃতীয় তলায় কাল ফুটবলারদের উপচে পড়া ভিড়। এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) লিগ ডেভেলপমেন্ট কর্মসূচির অধীনে সেমিনারে অংশ নিলেন পেশাদার লিগের বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। ক্লাবের সঙ্গে তাঁদের চুক্তি, মাঠে ও মাঠের বাইরে ব্যবহার, খাদ্যাভ্যাস, সততা, দায়বদ্ধতা, ম্যাচ পাতানোর কুফলসহ আরও অনেক বিষয়ই উঠে এসেছে এই আলোচনায়।
নবম পেশাদার লিগ চলছে, তাই ফুটবলারদের পেশাদারির সংজ্ঞা নতুন করে শেখানোর আসলে কিছু নেই। তবু এএফসি এ ধরনের উদ্যোগ নিয়েই যাচ্ছে। যদিও এই পর্বে শেখ জামাল, শেখ রাসেল, আবাহনী, ব্রাদার্স ও মুক্তিযোদ্ধার ফুটবলাররা এলেও কর্মকর্তারা তেমন সাড়া দেননি।
তাই পেশাদারি বিষয়গুলো শুধু ফুটবলাররা জেনে কতটুকু লাভ? এই প্রশ্ন তুলছেন আবাহনীর ডিফেন্ডার আরিফুল ইসলাম, ‘শুধু ফুটবলারদের পেশাদারি শেখালে হবে না। ক্লাব কর্মকর্তা এবং কোচদেরও পেশাদারি চর্চা করতে হবে। তাঁরা সেমিনারে এলে ভালো হতো।’
চুক্তি অনুযায়ী কোনো ফুটবলার চোটে পড়লে চিকিৎসার দায়িত্ব ক্লাবেরই। অথচ অনেক ফুটবলারকেই লড়াইটা চালাতে হয় একাকী, ক্লাব সহায়তা করে না। একই সঙ্গে ক্লাব অনেক খেলোয়াড়ের কাছ থেকে ‘জরিমানা’ আদায় করে। আরিফুল যেমন বললেন, না খেলার অভিযোগে তাঁর কাছ থেকে শেখ জামাল ক্লাব চুক্তির ১৩ লাখ ও মোহামেডান ৭ লাখ টাকা ফেরত নিয়েছে। তাই তাঁর কণ্ঠে ক্ষোভ, ‘ক্লাবের হয়ে খেলেই চোটে পড়েছিলাম। তাদের উচিত ছিল আমাকে সাহায্য করা। কিন্তু কেউই তা করেনি।’ অবশ্য এটাও সত্য, অনেক ফুটবলার আগেই টাকা পেয়ে যাওয়ায় ঠিকমতো অনুশীলন করেন না। যে কারণে ক্লাব টাকা কেটে নিতে বাধ্য হয়।
চুক্তির ভাষাগত সমস্যাও উঠে এসেছে সেমিনারে। ইংরেজিতে লেখা চুক্তি স্থানীয় ফুটবলারদের অনেকেই পড়ে দেখেন না। ভবিষ্যতে এসব চুক্তি বাংলায় করারও পক্ষে মত দেন ফুটবলাররা। বিদেশি ও স্থানীয় মিলিয়ে উপস্থিত ফুটবলারের সংখ্যা হবে শতাধিক, যা দেখে ভীষণ খুশি এএফসি ডেভেলপমেন্ট কর্মকর্তা যোগেশ দেশাই, ‘আমরা এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। ফুটবলারদের অনেক সচেতন করেছি। ওদের কাছ থেকে ভালো সাড়া মিলেছে। বিশেষ করে, চুক্তির বিষয়ে বেশি সচেতন হয়েছে ওরা।’