ফুটবলারদের মুক্তিদূত বসম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যঁ মার্ক বসম্যান
জ্যঁ মার্ক বসম্যান

‘এখন যে রোনালদো-মেসি এত কিছু জিতছে, এর জন্য আমার কাছে কৃতজ্ঞ তারা। আমার কারণেই ওরা ইউরোপের অন্য সেরা খেলোয়াড়দের সঙ্গে একই ক্লাবে খেলতে পারছে। এই নিয়মের কারণেই ওরা ট্রফি জিতছে, টাকাও আয় করছে।’ কথাটা জ্যঁ মার্ক বসম্যান খুব একটা বাড়িয়েও বলেননি। ক্লাব ফুটবলে খেলোয়াড়দের একরকম আধুনিক দাসপ্রথায় আটকে ফেলা থেকে অনেকটাই মুক্তি এই বসম্যানের সৌজন্যে। তাঁর পাঁচ বছরের একটি আইনি লড়াই ‘স্বাধীনতা’ এনে দিয়েছে অনেক ফুটবলারকে। ফুটবল অভিধানেও একটা শব্দ যোগ করে দিয়েছে—‘বসম্যান রুলিং’।
নিজের ক্যারিয়ার অতটা সমৃদ্ধ ছিল না। বেলজিয়ামের ক্লাব স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে ৮৬টি, আর বেলজিয়ামের যুবদলে প্রায় ২০টির মতো ম্যাচের ছোট্ট ক্যারিয়ার। তবু ফুটবল ইতিহাস আলাদাভাবে মনে রাখবে তাঁকে।
স্ট্যান্ডার্ড লিয়েজ থেকে ১৯৮৮ সালে বেলজিয়ামেরই আরেক ক্লাব আরএফসি লিয়েজ কিনে নেয় বসম্যানকে। দুর্ভাগ্যবশত সেখানে একটি ম্যাচও খেলা হয়নি। ১৯৯০-এ আরএফসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফরাসি ক্লাব ডানকেরেকে যেতে চেয়েছিলেন বসম্যান। কিন্তু বাদ সাধে বেলজিয়ান ক্লাবটি। বসম্যানের জন্য বিপুল অর্থ দাবি করে বসে আরএফসি। তাতে আবার রাজি ছিল না ডানকারেক। সে সময়ে উয়েফার নিয়ম ছিল—চুক্তির মেয়াদ শেষ হলেও ক্লাব না চাইলে কোনো খেলোয়াড় দলবদল করতে পারবেন না। এই নিয়মের কারণেই বসম্যানের দলবদল হয়নি। আর এদিকে বেলজিয়ামে নিজের ক্লাবের প্রথম একাদশ থেকেও বাদ পড়ে যান বসম্যান, যার ফলে তাঁর বেতনও অনেক কমে যায়।
এরই প্রতিবাদে আরএফসি লিয়েজ, বেলজিয়াম ফুটবল ফেডারেশন ও ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে লুক্সেমবার্গের কোর্টে মামলা করেন বসম্যান। মামলার ফল তাঁর পক্ষে আসে। আর তাতেই বদলে যায় ফুটবলের চিত্র। ক্লাবগুলোর ইচ্ছা-অনিচ্ছা থেকে অনেকটা মুক্তি পান খেলোয়াড়েরা। চুক্তি শেষে মুক্তভাবে অন্য ক্লাবে চলে যেতে কোনো বাধা থাকল না। শুধু তা-ই নয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই খেলোয়াড়েরা ‘ফ্রি’ হয়ে যান এখন।
১৯৯৫ সালের ১৫ ডিসেম্বর ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস থেকে জয়ীর বেশে ফিরেছিলেন বসম্যান। গতকাল ছিল ফুটবলারদের সেই মুক্তি দিবসের ২০ বছর। বসম্যান রুলিংয়ে ইউরোপের ক্লাবগুলোও উপকৃত হয়েছে। একাদশে বিদেশি খেলোয়াড় কোটায় এখন শুধু অ-ইউরোপীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। বসম্যান রুলিং না হলে হয়তো মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীকে একসঙ্গে খেলতে দেখাই যেত না! বিবিসি, মার্কা।