ফুটবলারদের রেখে কর্মকর্তারা ঢাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্স অনুজ্জ্বল। মাঠের বাইরে ‘উজ্জ্বল’ হতে অবশ্য বাধা ছিল না। কিন্তু বাফুফের সৌজন্যে এখানে দেখা যাচ্ছে আরও রুগ্ণ অবস্থা!
সাফ-বিপর্যয়কে সঙ্গী করে দ্রুতই ফিরতে চেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু বিমানে আসনসংকট যাত্রাটা পিছিয়ে দিয়েছে দিন দুয়েক। গতকাল ভোরে সাতটি টিকিট পেয়ে বিমানে ওঠেন কোচ মারুফুল হক, ডাক্তার, ফিজিও, মিডিয়া ম্যানেজার। যাঁদের থাকার কথা, সেই দলনেতা, ম্যানেজার, এমনকি বাফুফের পর্যবেক্ষকও একই পথের যাত্রী হওয়ায় দলটা ত্রিবান্দ্রামের হোটেলে কার্যত এখন অভিভাবকহীন।
সাফের মঞ্চে দর্শক হয়ে পড়ার পর মাঠের বাইরের এই দৈন্যটা অকল্পনীয়। শুধু সাফ কেন, যেকোনো প্রতিযোগিতাতেই দল কর্মকর্তাশূন্য হয়ে পড়া বোধ হয় বাংলাদেশেই সম্ভব! থেকে যাওয়া সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে ‘অস্থায়ী কান্ডারি’ ভাবা যেতে পারে। কিন্তু তিনি নিজেই বুঝতে পারছেন না কী করা উচিত।
এমনিতে টানা তিনটি সাফ বিপর্যয়ের শোক বাংলাদেশ দলকে মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। এরই মধ্যে ২০ খেলোয়াড়কে হোটেলে রেখে কর্মকর্তাদের ঢাকায় ফেরা বাফুফের সাংগঠনিক উদাসীনতার নতুন দৃষ্টান্ত। মাঠে খেলোয়াড়দের ভেঙে পড়ার একটা ব্যাখ্যা নাহয় দাঁড় করানো যায়। কিন্তু খেলোয়াড়দের চিন্তায় ফেলে কর্মকর্তাদের চলে যাওয়ার ব্যাখ্যা কী?
প্রশ্নটা শোনারও কেউ নেই এখানে। অতীতে মাঠের ব্যর্থতার সঙ্গে কখনো সাফল্যের রঙিন হাসিও মিলেছে। কিন্তু বিদেশের মাটিতে কর্মকর্তাশূন্য দল দেখা যায়নি কখনো। অনেকের মুখে তাই স্বাভাবিক প্রশ্নটাই ঘুরল—অপ্রত্যাশিত কোনো সমস্যার উদয় হলে কে সামলাবেন সবকিছু?
সহকারী কোচ মিন্টুই আপাতদৃশ্যমান ভরসা। কিন্তু মারুফের সঙ্গে সাফের যবনিকায় তাঁরও দায়িত্ব শেষ। সেটা মনে করিয়ে দিয়ে মিন্টু বলছিলেন, ‘আমার তো অফিশিয়াল কোনো দায়িত্ব নেই। দলকে যে অনুশীলন করাব, আমাকে ফেডারেশন কিছু বলেনি।’ পরক্ষণেই অবশ্য জাতীয় দলের সাবেক এই ফুটবলার বলেন, ‘কেউ বলুক না-বলুক, আমি যখন আছি নিশ্চয়ই টিমের দেখভাল করব। অনুশীলনও করাব।’
শোনা যাচ্ছিল এই দায়িত্বটা বর্তাবে মারুফুল হকের ওপরই। কিন্তু তাঁর ফিরে যাওয়াটা একটু অন্য রকম লাগছে। পরশু ম্যাচের পর বাংলাদেশ দলের বিদায়ী কোচ বলেছিলেন, ‘আমি এখনই যাচ্ছি না। দলের শেষ সদস্য হিসেবেই আমি বিমানে উঠব।’ কিন্তু প্রধান কোচও কর্মকর্তাদের সঙ্গী হওয়ায় নানা গুঞ্জন বাতাসে। মারুফুলকে বাফুফেই চলে যেতে বলেছে—একটি সূত্রের খবর এমনই।
বঙ্গবন্ধু কাপের জন্য সম্ভবত আলোচনা করতে জরুরি ডাক পড়েছে মারুফুলের। যাওয়ার আগে মিন্টুকে বলে যান, দলকে দেখেশুনে রেখে অনুশীলন করাতে। ম্যাচের পরদিন সাধারণত রিকভারি সেশন হয়, জিম-টিম করেন খেলোয়াড়েরা। সেই সেশন কে করাবেন এ নিয়েই কথাবার্তা চালাচালি হচ্ছিল কাল টিম হোটেলে।
অনুশীলনের প্রশ্ন আসছে বঙ্গবন্ধু কাপের জন্য। এখানে খেলোয়াড়েরা যতক্ষণ থাকবেন অনুশীলন চলার কথা। ১০ জন খেলোয়াড় যাবেন আগামীকাল সকালে, পরদিন ১৩ জন। তার মানে আজ পুরো দল এবং আগামীকাল অর্ধেক দল থাকছে এখানে। সাফ শেষ হয়ে যাওয়ায় আয়োজকদের কাছ থেকে সুযোগ-সুবিধা মিলছে না বলেই চিন্তাটা বেশি।
এসব নিয়ে হোটেল লবির চারপাশ যখন সরগরম, ঢাকা থেকে বাফুফের সাধারণ সম্পাদক ফোনে মিন্টুকে বলেন দলটাকে দেখে রাখার জন্য। অনুশীলনের দায়িত্বটাও যেন চালিয়ে যান। প্রয়োজনে টিম হোটেলেই অবস্থান করা সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের সহায়তা নিতে পারেন। টিম হোটেলের গাড়ি পার্কিংয়ের উঁচু-নিচু জায়গায় পা পিছলে পড়ে হেলাল আহত হয়ে হাসপাতালে ছিলেন তিন দিন। তাঁর নাকের হাড় ভেঙেছে, চোখের নিচে কেটে গেছে। হাসপাতাল ফেরত হেলাল কাল বলছিলেন, ‘আমি যতটুকু সম্ভব অবশ্যই সহায়তা করব। সমস্যা নেই।’
সমস্যাটা আসলে অন্যখানে। দল ভালো করলে আলোচনার কেন্দ্রে থাকত খেলোয়াড়দের পারফরম্যান্স। কিন্তু সেটি না হওয়ায় এবং বাফুফের অপরিণামদর্শিতায় এখন মাঠের বাইরের বিষয়গুলোও বড় হয়ে উঠেছে। এই বাংলাদেশকে কে দেখতে চেয়েছিল!