ফুটবলারদের শাস্তি হচ্ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল থেকে সাত ফুটবলারকে বাদ দেওয়ার সুপারিশের ব্যাপারে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে এখনো তোলপাড় চলছে। সবার কৌতূহলী চোখ বাফুফের দিকে। বাফুফেও দ্রুতই এর একটা সমাধান চাইছে। সেই লক্ষ্যে প্রতিবেদনটি অনুমোদন করে বাফুফের নির্বাহী কমিটি কাল তা পাঠিয়েছে জাতীয় দলের কমিটির কাছে। কাজী নাবিল আহমেদের নেতৃত্বাধীন ওই কমিটির সিদ্ধান্তই মোটামুটি চূড়ান্ত হবে।
নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ফুটবলারদের শাস্তিই হতে যাচ্ছে। ভবিষ্যতে যাতে কেউ জাতীয় দলে এসে শৃঙ্খলা ভাঙতে না পারে, সেটি নিশ্চিত করতে চায় বাফুফে। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী সভা শেষে বললেন, ‘আমরা চাই অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি হোক। তাই তদন্ত প্রতিবেদনে আমরা হাত দিইনি। জাতীয় দলের কমিটির ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়েছি।’
তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি, তাই কার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ, সেটা নিয়ে ধোঁয়াশা কাটেনি। কমিটির সদস্যরা একেকজন একেক রকম কথা বলছেন সংবাদমাধ্যমের কাছে। তাঁদের কথাবার্তায় অভিযুক্ত ব্যক্তিদের নাম নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
শেখ আসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটির এক সদস্য ডিফেন্ডার নাসির উদ্দিনকে বাদ দেওয়ার সুপারিশের তালিকায় রাখার কথা বলেছিলেন। কিন্তু কাল বলা হলো নাসির শৃঙ্খলাভঙ্গ করেননি, তাঁর নাম ভুলক্রমে এসেছে! মিঠুনের নামও তালিকায় আছে বলে জানিয়েছিলেন এক সদস্য, কিন্তু কাল প্রকাশিত সাতজনের তালিকায় মিঠুনের নাম নেই।
সাত খেলোয়াড়ের নাম শুনে ফুটবলারের প্রশ্ন, জামাল ভূঁইয়াকে মাঠে ঘুষি মারা ডিফেন্ডার ইয়াসিনের নাম নেই কেন? ফিটনেস না থাকায় এমিলিকে বাদ দেওয়ার সুপারিশের কথা আগেই বলেছে টিম ম্যানেজমেন্ট। তাঁর নাম আছে। চার মাস দলের সঙ্গে থেকেও ডিফেন্ডার মিশুকে একবারও মাঠে নামাননি কোচ। তাঁকেও বাদ দেওয়ার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। গোলরক্ষক সোহেলের পারফরম্যান্স খারাপ। জাহিদ শৃঙ্খলা ভেঙেছেন। এই কথাগুলো দলনেতা আজমল আহমেদ তপনের প্রতিবেদনেও এসেছে।
কিন্তু মামুনুল, সোহেল রানা, ইয়ামিন মুন্নাকে ঠিক শৃঙ্খলাভঙ্গ, নাকি বাজে পারফরম্যান্সের কারণে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, সেটি পরিষ্কার নয়। শেখ আসলাম বলেছেন, দলের ৬০-৭০ ভাগ খেলোয়াড়ই শৃঙ্খলা ভেঙেছেন। সেই অনুযায়ী তো নাম আসার কথা অন্তত ১৫-১৬টি।