ফুটবলারদের সংবর্ধনা
শুরুতে সবাইকে দেওয়া হলো একটি করে রজনীগন্ধা। শেষে মধ্যাহ্নভোজ। একফাঁকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের দেওয়া বোনাসের ১০ হাজার মার্কিন ডলার পেল জাতীয় ফুটবল দল।
গত আগস্টে নেপালের এশিয়ান গেমসগামী অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ঢাকায় ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। সিলেটে পরাজয়। এরপর গত মাসে শ্রীলঙ্কার সঙ্গে যশোরে ড্র। রাজশাহীতে ১-০ গোলে জয়। দুটি সিরিজ শেষে কাল ফুটবল দলকে সংবর্ধনা দিল বাফুফে।
কিন্তু গোটা ব্যাপারটায় থাকল বৈপরীত্য। একদিকে সংবর্ধনা, অন্যদিকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানেই ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে জানালেন অসন্তোষ। তাঁর কথা, ‘বাংলাদেশ দলের খেলা দেখে আমি মোটেও সন্তুষ্ট নই। দলের কাছে আরও ভালো কিছু আশা করেছিলাম। সাবেক ফুটবলার হিসেবে মনে করি নেপাল, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের বর্তমান দলটা অনেক ভালো দল। কিন্তু মাঠে এর প্রতিফলন নেই।’
শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচেই গোলের একাধিক সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। এটাকে অজুহাত হিসেবে মানতে নারাজ সালাউদ্দিন, ‘অনেক মিস করেছি এটা বলার সুযোগ নেই। জিততে হবে। জিততে থাকলে দেশবাসী ভালো বলবে। না জিতলে মানুষ মুখ ফিরিয়ে নেবে।’
আগামী ১৮ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এরপরই জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপ। সালাউদ্দিন দলের কাছে আরও ভালো কিছু চান, ‘আগামী মাসে ঢাকায় আসছে জাপান। এই দলটিই হবে ২০১৮ বিশ্বকাপের দল। এরপর বঙ্গবন্ধু কাপ। আমি বলছি না যে, বঙ্গবন্ধু কাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে। তবে বিশ্বাস করি, ভালো খেলার সামর্থ্য বাংলাদেশের আছে।’
এই বিশ্বাস অনেকেরই। কিন্তু যেকোনো কারণেই হোক মাঠে ঠিক ছন্দ পাচ্ছে না বাংলাদেশ। তার পরও এমন সংবর্ধনা ফুটবলারদের জন্য প্রেরণাই। স্ট্রাইকার এমিলি বললেন, ‘এটা আমাদের জন্য বিশাল পাওয়া। সালাউদ্দিন ভাই, সালাম ভাইয়ের কাছ থেকে অনেক কথা শুনলাম। গত ম্যাচগুলোতে আমাদের অনেক ভুল ছিল, পরের ম্যাচে হয়তো সেগুলো থাকবে না। এমন সংবর্ধনা পেয়ে আমরা উজ্জীবিত।’ স্ট্রাইকার মিঠুন চৌধুরী ভুলে যাচ্ছেন না নিজেদের দায়িত্ব, ‘বঙ্গবন্ধু কাপের মতো টুর্নামেন্টে খেলতে পারা হবে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তাই ভালো কিছু করতে চাইব আমরা।’
দেশের মাটিতে খেলা, ভালো খেলার একটা চাপ বাংলাদেশের ওপর থাকছেই।