ফুটবলারদের সামর্থ্য নিয়েই প্রশ্ন কোচের

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ ব্যবধানে হারার পেছনে নানা যুক্তি খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারের ব্যাখ্যা কী? জর্ডানের বিপক্ষে বৈপ্লবিক ফল কেউ আশা করেনি। শক্তির বিচারে ৪-০ স্কোর লাইনটাও হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু প্রশ্ন উঠেছে বাংলাদেশের আক্রমণভাগের একের পর এক সহজ সুযোগ হাতছাড়া করা আর প্রতিপক্ষকে গোল উপহার দেওয়ায়।
রীতিমতো ক্ষুব্ধ কোচ লোডভিক ডি ক্রুইফও। প্রশ্ন তুললেন বাংলাদেশের ফুটবলারদের সামর্থ্য নিয়েই। এমিলি-জুয়েলরা যেভাবে সহজ সুযোগ নষ্ট করেছেন, মেনে নেওয়া কঠিনই। সাংবাদিকদের সামনে তাই ক্ষোভের লাভা উগরেই দিলেন বাংলাদেশ কোচ, ‘এ ধরনের ম্যাচে পাঁচ-পাঁচটি সুযোগ অনেক। কিন্তু ওরা একটা সুযোগও গোলে পরিণত করতে পারিনি। হতাশ, ক্ষুব্ধ। এটা মেনে নিতে পারছি না।’
জর্ডানের গোলরক্ষক আমির শাফিকে একা পেয়েও জর্ডানের জালে বল জড়াতে পারেননি জুয়েল। এভাবে সুযোগ নষ্ট করায় এ দেশের ফুটবলারদের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলছেন ডি ক্রুইফ, ‘এই ছেলেদের ফিনিশিংয়ের অভাব। বক্সে গিয়ে গোল করা একজন ফুটবলারের বড় গুণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এনামুল, এমিলি, জুয়েলদের মতো ছেলেদের সেটা নেই। যা আছে সেটা এই দেশে খেলা কালো (বিদেশি) ফুটবলারদের। এই জন্যই আমি ওদের দলে নিতে চেয়েছিলাম।’
সুযোগের অন্তত তিনটা গোল হওয়াই উচিত ছিল। তাতেও স্কোরটা ৪-৩ হয়। ড্র করতে পারলে সেটি তো হতো বড় এক অর্জন। জর্ডানের ফিফা র্যাঙ্কিং ৯১। বাংলাদেশের ১৭৩। কিন্তু ড্র তো দূরের কথা, দুই ম্যাচে ৯ গোল হজমের গোলের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো মামুনুলদের। বাংলাদেশের জালে যেভাবে বল ঢুকেছে, তার কোনো যৌক্তিক ব্যাখ্যাও খুঁজে পাচ্ছেন না ডাচ কোচ। ক্ষুব্ধ ডি ক্রুইফ বললেন, ‘আমার মনে হয় এখনো আমাদের ফুটবলাররা এই পর্যায়ে খেলার মতো পরিণত না। পেশাদার হতে পারছে না। বক্সের মধ্যে গিয়ে কেউ কেউ হাত দিয়ে খেলার চেষ্টা করেছে! দ্বিতীয় গোলটা ছিল ওদের জন্য বড়দিনের উপহার।’