ফুটবলাররা এখন ফিটনেস-সচেতন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০-৫৫ মিনিট খেলার পরই বাংলাদেশের ফুটবলারদের দম কমতে থাকে। ৭০ মিনিট পর অনেককে আর মাঠে খুঁজে পাওয়া যায় না। শারীরিক সক্ষমতার অভাবই এর বড় কারণ। এই অবস্থা থেকে বেরোতে বাফুফে এবার ৬২ জন ফুটবলারকে নিয়ে বিকেএসপিতে সপ্তাহ তিনেক কন্ডিশনিং ক্যাম্প শেষ করেছে গতকাল।
সেই ক্যাম্পে ফিটনেস নিয়ে কাজ করেছেন নিউজিল্যান্ডের ফিটনেস কোচ জন হুইটেল। একটা প্রতিবেদন তিনি তৈরি করছেন। যেটিতে পুরো ক্যাম্পে খেলোয়াড়দের কী অবস্থা দেখেছেন, সেটির বর্ণনা থাকবে। ক্যাম্প শেষে খেলোয়াড়দের কিছু করণীয়ও দিয়ে দিয়েছেন। যাতে সেসব অনুসরণ করে ফুটবলাররা নিজেদের ফিট রাখতে পারেন।
এই ক্যাম্প নিয়ে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর মূল্যায়ন, ‘খেলোয়াড়দের মধ্যে সচেতনতা এসেছে। এটি ইতিবাচক।’ এমন সচেতনার কথা অবশ্য সব সময়ই শোনা যায়। কোনো ক্যাম্প শেষ হওয়ার পরই আশার কথা বলেন সবাই।
কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত টিম ম্যানেজমেন্টের এক সদস্য এই ক্যাম্প নিয়ে কাল বললেন, ‘মুশকিল হচ্ছে আমাদের ফুটবলাররা অফ সিজনে অনুশীলন করে না। খেলা না থাকলে বেশির ভাগই খায় আর ঘুমায়। এখন যে সবাইকে ছেড়ে দেওয়া হলো, একটা ভয় কিন্তু আছেই। ফিটনেস না আবার শূন্যে নেমে যায়!’
আগামী মাসে বঙ্গবন্ধু গোল্ড কাপ হওয়ার কথা। সেটি হলে জাতীয় দলের ফুটবলারদের ফিট থাকতেই হবে। ১৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্ট। যেখানে খেলবে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডান। ফুটবলারদের ফিট থাকতেই হবে। অথচ বিকেএসপির এই ফিটনেস ক্যাম্পে আসা বেশির ভাগ ফুটবলারের ফিটনেস অবস্থা ছিল নাজুক। মৌসুম শেষে তাঁরা যে ফিটনেস-সচেতন ছিলেন না, তা বেরিয়ে পড়ে। কিছু খেলোয়াড়ের অবস্থা মোটামুটি ছিল, ভালো ফিটনেস নিয়ে ক্যাম্পে গেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা দুই-চারজনের বেশি নয়।
প্রথম কয়েক দিন নাকি খুবই সমস্যা হয়েছে খেলোয়াড়দের। রানিং করতে পারতেন না। এ নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিলেন ফিটনেস কোচ। তাঁর দেওয়া কুপার টেস্ট পেরোতে হিমশিম খেতে হয় খেলোয়াড়দের। তবে ফিটনেস কোচ জন আশাবাদী, ‘আস্তে আস্তে অনেক উন্নতি হয়েছে। আমাদের এই উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ফুটবলারদের এ ব্যাপারে যতটা সম্ভব আমরা বলেছি।’
ফিটনেস সমস্যা থাকায় ফুটবলাররা চোটে পড়েন ঘন ঘন। একবার চোটে পড়লে কারও কারও জীবন থেকে খসে যায় এক-দুই বছরও। লম্বা চোট সারিয়ে স্ট্রাইকার শাখাওয়াত রনি মাঠে ফিরলেও মাঝে আবার ব্যথা পান। তাই বিকেএসপির কন্ডিশনিং ক্যাম্পে থাকলেও রানিং করেননি দলের সঙ্গে।
‘আমি রানিং করতে না পারলেও এই ফিটনেস অনুশীলনটা অনেক ভালো হয়েছে। এটা আরও আগে দরকার ছিল। এটা সংক্ষিপ্ত সময়ের জন্য না করে লম্বা সময় করলে খেলোয়াড়দের জন্য ভালো’—বলছেন শাখাওয়াত।
খেলোয়াড়েরা সচেতন নন, এমন অভিযোগ অবশ্য মানতে রাজি নন শেখ রাসেলের এই স্ট্রাইকার। বছরে ১০-১১ মাসই খেলায় থাকতে হয়। যে কারণে ছুটিতে তাঁরা ছকের বাইরে বেবিয়ে যান। এই জানা যুক্তিটাই দিলেন শাখাওয়াত। খেলোয়াড়েরা সচেতন হচ্ছেন, এমন দাবিই করছেন শাখাওয়াত। সচেতন হলে তো দেশের ফুটবলের জন্য ভালোই। তখন নিশ্চয়ই আর ভুটানের কাছে হারতে হবে না!