ফুটবলাররা দৌড়াবে, তাতেই তৈরি বিদ্যুৎ!

বড় শখ করে বাবা তাঁর ছেলের নাম রাখলেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো। বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নামে। যে এডিসন আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাতি। যে বাতি আলোকিত করেছিল সভ্যতা।
না, এডসন শেষ পর্যন্ত এডিসন হতে পারেননি। তবে তিনিও আলোকিত করেছেন নিজের প্রতিভার দ্যুতিতে। পেলে নামেই যাঁকে চেনে সবাই।
সেই পেলে নিজের আসল নামের গল্পটি গতকাল আরও একবার বললেন। উপলক্ষটাও ছিল বিশেষ। ব্রাজিলের রিওর মিনেইরা নামের বস্তির একটা মাঠে বসানো হয়েছে বিশেষ ধরনের প্রযুক্তি। যে প্রযুক্তির সাহায্যে মাঠে ফুটবলাররা বল নিয়ে দৌড়ানোর সময় তৈরি হচ্ছে বিশেষ শক্তি। যে শক্তিকে রূপান্তরিত করা হচ্ছে বিদ্যুতে। আর সেই বিদ্যুৎ দিয়েই জ্বলে উঠছে মাঠের ফ্লাডলাইট।
বিশ্বের সবচেয়ে বড় বস্তিগুলোর বেশ কয়েকটি ব্রাজিলের রিওতে। ফাভেলা নামেই এগুলো পরিচিত। এই বস্তিগুলো থেকে উঠে এসেছেন ব্রাজিলের অনেক প্রতিভাবান ফুটবলার। অথচ যাঁদের শৈশব কেটেছে নিদারুণ দারিদ্র-অবহেলায়। ন্যূনতম সুবিধা না পেয়েই বেড়ে ওঠা সেই শিশুদের পাশে এসে দাঁড়াল ‘রয়্যাল ডাচ শেল’ নামের একটি দাতব্য সংস্থা। এই সংস্থার পৃষ্ঠপোষকতায় ব্রিটিশ প্রতিষ্ঠান ‘পেভজেন’ সেই বস্তির ছোট্ট খেলার মাঠে ২০০টি শক্তি-সংগ্রাহক টাইলস বসিয়েছেন টার্ফের তলায়। এই বিশেষ টাইলসগুলোর ওপর দৌড়ালেই তৈরি হয় বিদ্যুৎ। তাতেই জ্বলে ওঠে বাতি।
এই প্রযুক্তির নেপথ্য কৌশলটা অবশ্য ফাঁস করতে চায়নি নির্মাতাপ্রতিষ্ঠানটি। তবে এতটুকু ধারণা দেওয়া হয়েছে, টাইলসের ওপর চাপ পড়লে ভেতরের খাঁজকাটা চাকা লাটিমের মতো বন বন করে ঘুরতে থাকে। এই ঘূর্ণন শক্তিকে জেনারেটরের মতো করে ব্যবহার করা হয়। সেখান থেকেই তৈরি হয় বিদ্যুৎ।
এর আগে একই ধরনের প্রযুক্তি ইউরোপের বেশ কয়েকটি রেলস্টেশনে, অস্ট্রেলিয়ার কয়েকটি বিপণিবিতান এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ৩ নম্বর টারমিনালে বসানো হয়েছে। কিন্তু এই প্রথম সেটি ব্যবহার করা হলো ফুটবল মাঠে। অচিরেই হয়তো আরও অনেক ফুটবল মাঠে দেখা যাবে এই প্রযুক্তি। বিপন্ন পরিবেশের কথা ভেবে নবায়ণযোগ্য জ্বালানির দিকেই যখন ঝুঁকছে পুরো বিশ্ব, তখন এই প্রযুক্তি হতে পারে নতুন দিগন্ত।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডেকে আনা হয়েছিল পেলেকে। এডসন পেলে তো রীতিমতো রোমাঞ্চিত এমন অভিনব ব্যাপার-স্যাপার দেখে। শুধু তা-ই নয়, তিনি প্রত্যাশা করলেন, শুধু বিশ্বসেরা ফুটবলার নয়, একদিন বিশ্বের ১ নম্বর বিজ্ঞানীটিরও জন্ম হবে ব্রাজিলে! সূত্র: এবিসি নিউজ।