ফুটবলাররা সাবধান
মাঠে একটু এদিক-ওদিক হলেই হলো, কিছু কিছু ফুটবলার যেন পেয়ে বসেন রেফারিকে। তর্কাতর্কি, রেফারির দিকে বাজে ভঙ্গি...আরও কত কী! তবে ফিফার প্রধান টেকনিক্যাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মার্কো ফন বাস্তেন গতকাল যা বলেছেন, তাতে এবার থেকে এসব ফুটবলারকে সাবধান হতেই হচ্ছে। খোদ ফিফা এ ব্যাপারটি নিয়ে উঠেপড়ে লেগেছে।
ডাচ কিংবদন্তি ও কোচ বাস্তেন বিবিসিকে বলেছেন, ‘অনেক খেলোয়াড় আছে, যারা ম্যাচের সময় অভিযোগ করতেই থাকে। আমি নিশ্চিত খেলোয়াড়েরা আচরণটা ভালো করতে পারেন। এটিকে সঠিক দিকে নেওয়ার কথাই ভাবছি আমরা।’
এ ক্ষেত্রে রাগবির নিয়ম অনুসরণ করতে পারে ফিফা। রাগবিতে দলের অধিনায়ক ছাড়া আর কেউ ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন না। ফুটবলেও এমন কিছু করার কথা বাস্তেন নিশ্চিত করেননি, তবে বাতিলও করে দেননি, ‘আমরা অন্য খেলা থেকে শিখতে পারি, অন্য খেলাও আমাদের থেকে শিখবে। তবে রেফারিদের কাজে লাগে এমন কিছু করতেই হবে। ম্যাচে ফুটবলারদের আবেগ থাকে, তা ঠিক আছে, তবে এটা নিয়ন্ত্রণও করতে হবে।’