ফুটবলাররাই স্বপ্ন দেখাচ্ছেন কোচকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল হক
মারুফুল হক

হাতে মাত্র ২১ দিন সময় জেনেও সাফ জয়ের বিশাল চ্যালেঞ্জটা সানন্দেই নিয়েছিলেন। ১৭ দিন অনুশীলনের পর কী মনে হচ্ছে মারুফুল হকের? সব ঠিকঠাক আছে তো?
এমনিতে নিজের সূচি অনুযায়ী সবকিছুই করছেন। কিন্তু মোটা দাগে সাফ প্রস্তুতিতে সন্তুষ্ট নন বাংলাদেশ দলের কোচ। ঘাটতিটা তাঁর জানাই, ‘আমি হয়তো সবই করছি। কিন্তু পরিকল্পনাগুলো বারবার অনুশীলন করতে পারলে মাঠে প্রয়োগে সুবিধা হতো। এখন তো সময়ের অভাবে একবারের বেশি করতে পারছি না। আসলে প্রস্তুতিটা আরও ভালো হতে পারত।’
সাফের মতো বড় মঞ্চে এই সীমাবদ্ধতা উতরে যাওয়া কঠিন। তবে খেলোয়াড়দের চেষ্টা, আন্তরিকতা, ভালো কিছু করার তাগিদ মারুফকে আশাবাদী করছে, ‘খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করার মানসিকতাই আসলে আমার শক্তি। সবই ওরা হাসিমুখে করছে, কষ্ট হলেও মন থেকে মেনে নিচ্ছে। খেলোয়াড়দের মধ্যে এমন মানসিকতা এলে সাফল্য আপনার হাতে ধরা দেবেই।’
এই ফুটবলারদের নিয়ে ক্লাবে কাজ করেছেন, কিন্তু ক্লাবের চেয়ে সম্পূর্ণ ভিন্ন জাতীয় দলে অভিজ্ঞতাটাও ভিন্ন। মারুফের চোখে ক্লাবে খেলোয়াড়দের মনোযোগে একটু হলেও অভাব থাকে, ‘ক্লাবে বাইরের নানা বিষয়ে খেলোয়াড়েরা যুক্ত থাকে, পরিবার বন্ধু-বান্ধব...। কিন্তু এই ১৭ দিনে দেখলাম খেলোয়াড়দের মনজুড়ে শুধুই জাতীয় দল। ঘুম, খাওয়া আর অনুশীলন। এটা আমার জন্য পজিটিভ।’ বলাই বাহুল্য, এই ইতিবাচক দিকটি ১২ বছরের সাফ জয়ের খরা কাটাতে মারুফকে প্রেরণা আর সাহস জোগাচ্ছে।
খেলোয়াড়দের বদলে দিয়ে নিজেও হাঁটছেন সেই পথে। তাঁর নিজের ভাষায়, ক্লাবে অনেক সময় মানিয়ে চলতে হয়। খেলোয়াড়দের পারফরম্যান্স খারাপ হলে তাঁকে বুঝিয়ে একটু সময় দেন। কিন্তু বিকেএসপির চলমান ক্যাম্পে জোর করছেন খেলোয়াড়দের ওপর, ‘এখন আমি খেলোয়াড়কে বাধ্য করছি যে তোমাকে এটা করতেই হবে, ওটা না করলে চলবে না। বলছি, ডু ইট। এই জোরটা ক্লাবে সেভাবে থাকে না।’
মারুফ খেলোয়াড়দের মানসিক উন্নতি দেখছেন এই অল্প সময়েই। মনের শক্তি আর জয়ের ক্ষুধাটা জাগিয়ে তোলার মিশন নিয়ে সামনে সাফল্যই দেখছেন। কিন্তু এত কিছুর পরও চোটাঘাত দলের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এটিকে অস্বাভাবিক বলছেন না কোচ, ‘ধরেই নিয়েছিলাম চোটাঘাতের সমস্যা আসবে।’ তাই কেষ্ট চোট পেয়ে ক্যাম্প ছাড়ায় বিচলিত হননি। এমনকি কোমলও ক্যাম্প ছাড়ায় দুঃখে কাতর হচ্ছেন না।
তবে জামাল ভূঁইয়া আর এমিলিকে খুব করেই চাইছেন। দিন দশেক হাসপাতালে কাটিয়ে জামাল ক্যাম্পে ফিরেছেন পরশু। এরই মধ্যে সাত কেজি ওজন হারিয়েছেন দলে অপরিহার্য এই মিডফিল্ডার। জামালের বিকল্প হিসেবে তৈরি করেছেন রাজুকে, ২৪ ডিসেম্বর প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে রাজুই খেলতে পারেন। জামালকে ফিট করে তোলার জন্য আলাদা অনুশীলনসূচি দিয়েছেন, ‘ওকে এখনই দলের সঙ্গে অনুশীলনে রাখছি না। তবে আশা করি ও দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’
মারুফ ক্লাবে ৪-২-৩-১ ছকটা বেশি অনুসরণ করলেও সাফে চান ৪-৩-৩। তাঁর ব্যাখ্যা, ‘সাফে আমাকে জিততেই হবে। তাই ৪-৩-৩-এ যাওয়ার পরিকল্পনা নিয়েছি। আক্রমণাত্মক খেলতে হবে, ভালো প্রেসিং দরকার।’ আর এই ছকে জাহিদ, মামুনুল আর এমিলি এই ত্রিভুজের রসায়ন সাফে বেশি কার্যকর হবে বলেই তাঁর বিশ্বাস। এ কারণে হাঁটুতে ব্যথা সত্ত্বেও এমিলিকে এখনো ক্যাম্পে রেখে দেখছেন। নিজেই বলছেন, ‘ওর অভিজ্ঞতা আমার দরকার। তাই ১৭ তারিখ পর্যন্ত দেখব। সম্ভাবনার কথা যদি আসে, এমিলি এখন ৫০-৫০।’
কিন্তু মনপ্রাণ ঢেলে সর্বাত্মক চেষ্টা করলে সাফ জয় করা সম্ভব বলেই মনে করেন মারুফ। তাই তাঁর প্রত্যয়দীপ্ত উচ্চারণ, ‘দায়িত্ব নেওয়ার প্রথম দিন যা বলেছিলাম, ১৭ দিন পরও তাই বলব। সাফের দলগুলোর পার্থক্য ১৯-২০। আমরা হয়তো ১৯। তাই মনে করি সত্যিকার অর্থেই আমাদের সাফ জয়ের সম্ভাবনা আছে।’
সেই সম্ভাবনার প্রতিফলন মাঠে দেখাতে পারেন শুধুই ফুটবলাররা। তাঁরাই আসলে স্বপ্ন দেখাচ্ছেন মারুফকে।