ফুটবলীয় দ্বৈরথকে সংজ্ঞা দিয়ে বোঝায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল কার্ড দেখে বেরিয়ে যাচ্ছেন ম্যারাডোনা
লাল কার্ড দেখে বেরিয়ে যাচ্ছেন ম্যারাডোনা

‘আমি বলব না এমনটা ঘটেনি!’ কার্লোস বিলার্দোর মন্তব্যটা উসকে দিয়েছিল ১৫ বছর ধরে চাপা থাকা এক আগুন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন ফিফার কাছে নালিশ পর্যন্ত করেছিল, ব্যাপারটি পুরো তদন্ত করে দেখার। এ ঘটনার পর পেরিয়ে গেছে আরও ১১ বছর। কিন্তু প্রসঙ্গটা উঠলে এখনো ব্রাজিলের মনে চাপা ক্ষোভ উসকে ওঠে। ১০০ বছর পরও হয়তো উঠবে। যার সূত্রপাত ১৯৯০ বিশ্বকাপে।
বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচ। যেটিতে আর্জেন্টিনার ১-০ গোলের সেই জয় আজও ব্রাজিল মেনে নিতে পারেনি। ম্যাচ শেষে ব্রাজিলের ফুলব্যাক ব্রাঙ্কো গুরুতর অভিযোগ করেছিলেন। পিপাসার্ত তাঁকে আর্জেন্টিনার এক ট্রেনিং স্টাফ পানির বোতল ছুড়ে দিয়েছিলেন। সেই পানি খেয়ে নাকি পরে তাঁর বেহুঁশ হওয়ার দশা! ব্রাজিলের অভিযোগ, ওষুধ মেশানো ছিল সেই পানিতে!
তখন জোর গলায় এই দাবি অস্বীকার করলেও ২০০৫ সালে এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সাবেক কোচ বিলার্দো ইঙ্গিতপূর্ণ এক মন্তব্য করেন। তাতে ফিফা শেষ পর্যন্ত কোনো হস্তক্ষেপ না করলেও ব্রাজিলের ক্ষত এখনো শুকায়নি!
দুই দলের এই যে লড়াই, কত কত তারকা, কিংবদন্তি, ফুটবলীয় নৈপুণ্য, কত কীর্তি; কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ের তীব্রতা বুঝতে হলে শুধু ফুটবল বুঝলে হবে না। দুই দলের মধ্যে তীব্র রেষারেষির নজির ফুটবলে অসংখ্য। কিন্তু সেসবও ছাপিয়ে যায় এই লড়াই। এ কারণে খোদ ফিফা যে লড়াইকে বলে ‘ফুটবলীয় দ্বৈরথের নির্যাস’। কেন এই ম্যাচ ঘিরে সারা পৃথিবীতে এত অপেক্ষা, উত্তেজনা, তা বুঝতে খেলার বাইরের ‘খেলা’টা বুঝতে হবে।
এত এত ঘটনা ঘটেছে এই দুই দলের ম্যাচে, যেগুলো অঘটন বলাই বরং ভালো। ১৯৩৭ সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচটির কথা ধরুন। যেটিতে ব্রাজিল মাঠ ছেড়েই বেরিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। ম্যাচটিকে আজও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বর্ণনা করে ‘লজ্জার ম্যাচ’ নামে।
১৯৩৯ সালে রিও ডি জেনিরোতে আবার ব্রাজিল বিতর্কিত পেনাল্টি পেয়ে গেলে দুই দলের মারামারি থামাতে মাঠে পুলিশ নামাতে হয়েছিল। এবার আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে যায়। সিদ্ধান্তে অনড় রেফারি ব্রাজিলকে পেনাল্টি নিতে বলেন। আর্জেন্টিনার ১১ জনই তখন মাঠের বাইরে। গোলকিপারহীন পোস্টেই হলো পেনাল্টি। শেষ পর্যন্ত ওই গোলটাতেই ৩-২ ব্যবধানে জিতল ব্রাজিল।
১৯৮২ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে একের পর এক ফাউল হজম করে ত্যক্তবিরক্ত ডিয়েগো ম্যারাডোনার হতাশায় ব্রাজিলের এক খেলোয়াড়কে লাথি মেরে বসা। লাল কার্ড দেখে মাঠ ছাড়া। কিংবা ১৯৯১ সালের কোপা আমেরিকার সেই ম্যাচ। ৫ মিনিটের মধ্যে দুই দলের পক্ষে গোল। ১-১ স্কোর। শেষ পর্যন্ত আর্জেন্টিনার ৩-২ গোলে জয়। কিন্তু সব ছাপিয়ে ম্যাচটি সবাই মনে রাখল, পাঁচ-পাঁচজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে বলে।
মাঠের এই উত্তেজনা প্রায়ই গ্যালারিতে ছড়িয়েছে। স্টেডিয়াম থেকে রেডিও-টিভির তরঙ্গে ভর করে পুরো দেশে। দেশ ছাড়িয়ে পুরো পৃথিবীতে। কোন সে সুদূরে হওয়া ম্যাচ নিয়ে কোনো বিতর্ক, হাজার মাইল দূরের কোনো দেশে দুই প্রাণের বন্ধুর মধ্যে হাতাহাতির ঘটনাও তো বিরল নয়।
ঝামেলা বাধিয়েছেন মেসি আর নেইমার। দুজন দুজনের ‘জানি দোস্ত’ হয়ে উঠেছেন। নেইমারের ব্যক্তিগত বিমানে চড়েই তো ব্রাজিলে এলেন মেসি! আবার এক দিক দিয়ে দেখলে এটাই ব্রাজিল-আর্জেন্টিনা। চিরশত্রু, আবার চিরবন্ধুও। ফুটবল নামের এই চর্মগোলকটিই যে দুই দেশের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এই দুই দলই তো ফুটবলটাকে রূপ দিয়েছে অন্য এক মাত্রার। আর সেই প্রচেষ্টায় তারা নিজেদের অজান্তেই তো সহযোদ্ধা, সহযাত্রী।