১০০ কোটি টাকার ফুটবল লিগ বাংলাদেশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউকে সকার লিগ নামের প্রতিষ্ঠানটি বেশ কিছু দিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাবটা দিয়েছিল। ব্রিটেন-ভিত্তিক এই প্রতিষ্ঠানটির প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে আগ্রহ থাকলেও এ নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বও কাজ করছিল বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার। সব দ্বিধা ঝেড়ে ফেলে এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ মাঠে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ১০০ কোটি টাকা বাজেটের এই স্বপ্নের ফুটবল লিগটি মাঠে গড়াবে ২০১৬ সালের নভেম্বরেই।
আজ মঙ্গলবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাসায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইউকে সকার লিগের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আটটি দল নিয়ে আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজনে বাফুফের সঙ্গে এই ইউকে সকাল লিগ তো থাকছেই, সঙ্গে থাকছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) ও বাংলাদেশের ব্যবসায়িক গোষ্ঠী সাইফ পাওয়ারটেক।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি বলেন, ‘অনেক আলাপ-আলোচনার পর আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে এসেছি। পাঁচ বছরের জন্য এই লিগের বাজেট ১০০ কোটি। লিগটা আমরা আগামী বছরের নভেম্বরেই শুরু করতে যাচ্ছি। এ ব্যাপারে আরও বিস্তারিত বলব এক মাসের মধ্যেই।’
সালাউদ্দিন বলেন, ‘আমরা লিগটা আমাদের ঘরোয়া ক্যালেন্ডারের অংশ করে ফেলব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি প্রতি মৌসুমে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগটিও অনুষ্ঠিত হবে।’
আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটকেই প্রথম আসরের ভেন্যু হিসেবে ধরা হয়েছে। সাম্প্রতিক ফুটবল উন্মাদনার কথা বিবেচনায় আয়োজকদের মাথায় থাকছে যশোরের নামও। পর্যায়ক্রমে ভেন্যু বাড়ানোর ভাবনাও আছে আয়োজকদের।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগের উদ্বোধনে আর্জেন্টাইন মহাতারকা ডিয়েগো ম্যারাডোনারও আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন সিএমজির নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী। তিনি বলেন, ‘ম্যারাডোনাকে বলা আছে। তাঁর কাছ থেকে আমরা লিখিতভাবে সময় চেয়ে রেখেছি। আশা করছি তাঁকে এই প্রতিযোগিতায় নিয়ে আসা যাবে।
ভাস্বর বলেন, এটি বাংলাদেশের ফুটবলের একটি স্বপ্নের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কারও অনুসরণে হবে না, এর জন্য একটি বিশেষ মডেল আমরা তৈরি করব।’
ব্রাজিল ও আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো ও বোকা জুনিয়র্সের মতো ক্লাবসহ আরও কিছু বড় ক্লাবের এই প্রতিযোগিতার ফ্র্যাঞ্চাইজিগুলোর সহায়ক শক্তি হওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন ভাস্বর।