ফুটবলে এটাই তো বাংলাদেশের বিশ্বকাপ!

ফুটবলে বাংলাদেশের সেরা সাফল্য কোনটি?
অনেকেই বলবেন ২০০৩ সালে ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়। কেউ কেউ বলবেন ১৯৯৯ সালে কাঠমান্ডুতে জুয়েল রানার নেতৃত্বে প্রথমবারের মতো সাফ গেমস ফুটবলে সোনা জয়। ১৯৯৫ সালে মোনেম মুন্নার দলের মিয়ানমার থেকে চার জাতি ফুটবলের শিরোপা জিতে আসার কথাও আসবে বহু ফুটবলপ্রেমীর মুখে।
একটু পুরোনো প্রজন্ম ১৯৮০ সালে কুয়েতে এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্তপর্বে খেলার কথাও সেরা-সাফল্যের তালিকায় নিয়ে আসতে পারেন। হাজার হোক এশিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলাটা কিন্তু বড় সাফল্য। সেবারই প্রথম ও এখনো পর্যন্ত শেষবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছিল বাংলাদেশ। মাঠে নেমেছিল এশিয়ার সেরা দলগুলোর একটি হয়ে।
জাতীয় দলের সাফল্য বলতে এ কটিই। সে তুলনায় বয়সভিত্তিক প্রতিযোগিতাতে অনেকবারই চূড়ান্তপর্বে খেলার গৌরব আছে বাংলাদেশের। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাছাইপর্ব অতিক্রম করে চূড়ান্তপর্বে সাফল্যও আছে। কিন্তু মেয়েদের অনূর্ধ্ব-১৬ দলের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্তপর্বে খেলার মাহাত্ম্যটাই অন্য রকম। নারী ফুটবল-চর্চার বয়স যে দেশে দুই দশকও অতিক্রম করেনি, সে দেশের মেয়েদের একটি বয়সভিত্তিক দলের এশিয়ার অন্যতম শীর্ষ দল হিসেবে আবির্ভূত হওয়াটাকে দেশের ফুটবলে অনেক বড় সাফল্যই।
>১০ সেপ্টেম্বর থাইল্যান্ডে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের মেয়েরা দেশ আজ দেশ ছেড়েছে। এই প্রতিযোগিতা থেকে তিনটি দল সরাসরি আগামী বছর উরুগুয়েতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে খেলবে। তার মানে এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য ফুটবলের যেকোনো পর্যায়েরই একটি বিশ্বকাপে পা রাখার সুযোগও
বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার। কিন্তু আপাতত থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপকেই নিজেদের ‘বিশ্বকাপ’ হিসেবে দেখছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘সবাই বলাবলি করছে এই টুর্নামেন্টে প্রথম তিন দলের মধ্যে থাকলে বিশ্বকাপ নিশ্চিত হবে। স্বপ্ন আমিও দেখি। আমার মেয়েরাও দেখে। তবে বাস্তবতা হলো, আমাদের দেশের জন্য থাইল্যান্ডের আসরটাই যে “বিশ্বকাপ” ।’