ফুটবলে এবার কঠিন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিকে আজ ফুটবল

সর্বশেষ এসএ গেমসে ফুটবল শিরোপা জয়ের উল্লাস l ফাইল ছবি
সর্বশেষ এসএ গেমসে ফুটবল শিরোপা জয়ের উল্লাস l ফাইল ছবি

দক্ষিণ এশিয়ায় কোনো ফুটবল টুর্নামেন্ট মানেই বাংলাদেশের চোখটা থাকে শিরোপায়। হাজারো ব্যর্থতা সত্ত্বেও তা সরে না কখনো। সাফ আর বঙ্গবন্ধু গোল্ড কাপে জোড়া ব্যর্থতার পরও এসএ গেমসের শিরোপাতেই যেমন চোখ বাংলাদেশ দলের।
যদিও ফুটবলের বর্তমান কঠিন সময়ে এসএ গেমসে সাফল্য আসবে কি না, তা নিয়ে ঘোর সংশয় আছে। এ মুহূর্তে এক শ জনে দু-একজন আশাবাদী মানুষও খুঁজে পাওয়া কঠিন। ফেডারেশনের লোকজনের কণ্ঠেও দৃঢ়তার অভাব।
অথচ পাঁচ বছর আগে সর্বশেষ এসএ গেমসে দুর্দান্ত দাপটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচেই টানা জয়, ১৩ গোল করে কোনো গোল হজম নয়। ফাইনালে আফগানিস্তানকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচের বাংলাদেশ গেমস অভিযানে টানে মধুর সমাপ্তি। ১৯৯৯ কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান গেমসে প্রথম সোনা জয়ের স্মৃতিটাও উঁকি মারছে।
কিন্তু বাংলাদেশের বর্তমান প্রজন্ম এই আস্থার জন্ম দিতে পারেনি যে, তাদের পক্ষে দক্ষিণ এশিয়ায় সেরা হওয়া সম্ভব। বঙ্গবন্ধু গোল্ড কাপ জিতে যেটা দেখাল নেপালের সোনালি প্রজন্ম। গতবার বাংলাদেশ সেরা হয়েছিল ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে। তা ছাড়া ওই অনূর্ধ্ব-২৩ দলটি ছিল বেশ ধারালো। তিন সিনিয়র খেলোয়াড়ের কোটায় আমিনুল, এমিলি, এনামুল ছিলেন। মামুনুলসহ জাতীয় দলের অনেকে থাকায় দলটিতে ছিল উত্তুঙ্গ আত্মবিশ্বাস।
এবারও বেশির ভাগই জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ। লিটন, তপু, রায়হান, ইয়াসিন, জনি, জুয়েল রানা, শাহেদ, সজীব, সোহেল রানা, হেমন্তদের সঙ্গে যাঁরা আছেন, তাঁরাও শীর্ষ পর্যায়ের ফুটবলার। তিন সিনিয়র কোটায় স্ট্রাইকার শাখাওয়াত রনিকে চেয়েছিলেন কোচ গঞ্জালো মোরেনো, কিন্তু পারিবারিক কারণে তিনি খেলবেন না। তাই নাবিব নেওয়াজ জীবনকে নেওয়া হয়েছে। বাকি দুটি কোটায় কোচের পছন্দ রক্ষণে ডিফেন্ডার রেজাউল ও মাঝমাঠে জামাল। মামুনুলকে না নেওয়ার কারণ হিসেবে স্প্যানিশ কোচের যুক্তি, ‘জামালকেই বেশি ভালো মনে হয়েছে আমার।’ বঙ্গবন্ধু গোল্ড কাপে অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক রেজাউল সেরা ফর্মে না থাকলেও কোচের আশা তাঁর এই সৈনিক গেমসে ভালো করবেন।
সিনিয়র কোটায় আসা খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে দলটা প্রায় জাতীয় দলই হয়ে উঠবে। কিন্তু চ্যাম্পিয়ন হতে গেলে যেমন পরিকল্পনা থাকা প্রয়োজন ফেডারেশনের, সেটি দৃশ্যমান নয়। বঙ্গবন্ধু গোল্ড কাপই সেটির প্রমাণ। গোঁজামিল দিয়ে একটা অনূর্ধ্ব-২৩ দল করা হয়েছে, যে দল গ্রুপ পর্বেই আটকে গেছে। ফেডারেশন আসলে বিশ্বকাপ খেলতে চায় ২০২২ সালে। সাফ, এসএ গেমস একরকম পেছনের পাতাতেই ঢুকে পড়েছে!
তবু গেমসে ভালো কিছু করতে চায় টিম ম্যানেজমেন্ট। ম্যানেজার সত্যজিৎ দাস রুপু যেমন বললেন, ‘চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু নয়।’ সেই লক্ষ্যে আজ থেকে বিকেএসপিতে ক্যাম্প শুরু হবে। কাল বাফুফে ভবনে দাঁড়িয়ে ম্যানেজারের সঙ্গে কণ্ঠ মেলালেন মোরেনোও, ‘অফ কোর্স চ্যাম্পিয়ন হতে পারি। আমরা তো এক নম্বর হতেই যাব। জয় দিয়ে শুরু করতে পারলে হয়তো আর পেছনে তাকাতে হবে না আমাদের।’
তিন দলের গ্রুপে ভুটানের সঙ্গে প্রথম ম্যাচটা জিতলে সেমিফাইনালের সম্ভাবনা জোরালোই থাকবে। তবে এটাও ঠিক, পরশু বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে বাহরাইনকে ৩-০ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া নেপাল একই গ্রুপে। নেপালের সেই দুর্দান্ত ফাইনালটা কিন্তু দেখেননি বাংলাদেশের স্প্যানিশ কোচ! মেয়ের জন্মদিন নিয়ে তিনি ব্যস্ত ছিলেন।
কিছুদিন ধরে ফুটবলারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে অনেক কথা হচ্ছে। তবে রেজাউল বলছেন, ‘ফুটবলাররা মাঠে শতভাগই দেয়। সেটা দিতে পারলে আমরা নিরাশ করব না। চ্যাম্পিয়ন হতে পারব আশা করি।’ তবে প্রস্তুতির জন্য আরও সময় পেলে ভালো হতো মনে করেন রেজাউল।
প্রস্তুতির ব্যাপারটা একপাশে রাখলে বলতেই হয়, সময় বদলে গেছে। গতবারের সোনা ধরে রাখা এবার অনেক বড় চ্যালেঞ্জ।
ফুটবলে বাংলাদেশের পদক
সোনা : ২
রুপা : ৪
ব্রোঞ্জ : ১