ফুটবলে এল ইপিলিয়ন
সফল একজন ব্যবসায়ী, তবে ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবেও যথেষ্ট পরিচিত রিয়াজ উদ্দিন আল মামুন। যুক্ত ছিলেন ক্রিকেট বোর্ডের সঙ্গে। তাঁরই প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপ এবার এগিয়ে এল ফুটবলের সহযোগিতায়। ২৫ জুন শুরু হতে যাওয়া জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতা করছে ইপিলিয়ন গ্রুপ। আপাতত এক বছরের জন্য ৭৫ লাখ টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বাফুফে ভবনে কাল এ উপলক্ষে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এতে বাফুফের পক্ষে সই করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় এবং ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিকভাবে জাতীয় ফুটবল দলের জার্সির পৃষ্ঠপোষকতা করতেও রাজি হয়েছে ইপিলিয়ন গ্রুপ।
গত মৌসুমে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত লিগগুলোর পৃষ্ঠপোষকতা করেছিল ইপিলিয়ন গ্রুপ। এবার তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনার পরিকল্পনায় রিয়াজ উদ্দিন যুক্ত হলেন আরও বড় পরিসরে, ‘আমি চাই আবারও কাজী সালাউদ্দিনের মতো ফুটবলার উঠে আসুক। ছেলেবেলায় তাঁর সবকিছু অনুকরণ করতাম আমরা। এখন তেমন ফুটবলার আসছে না। এ জন্য তৃণমূলে কাজ করতে হবে। প্রথম বছর এখানে কেমন সুফল পাচ্ছি তার ওপর ভিত্তি করেই পরেও পৃষ্ঠপোষকতা করব। আমরা আরও তিন বছর ফুটবলের সঙ্গে থাকতে আগ্রহী।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ইপিলিয়ন গ্রুপের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন তাঁর স্বপ্নের কথা, ‘আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অন্তত ১০০ ফুটবলার ইউরোপে খেলবে, এটাই আমার স্বপ্ন। স্বপ্ন দেখতে তো দোষ নেই। পরে কী হবে সেটা দেখা যাবে। আসলে স্বপ্ন না দেখলে কোনো কিছুই বাস্তবায়ন হয় না।’
আগামী আগস্টে হবে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল। আর সেপ্টেম্বরে ঢাকায় হবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বের খেলা। এই দুটি টুর্নামেন্ট সামনে রেখেই চার বছর পর আবারও অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাফুফে। দেশের প্রতিটি উপজেলায় হবে এই খেলা। নকআউটভিত্তিক টুর্নামেন্টে উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো সুযোগ পাবে জেলা পর্যায়ে। সারা দেশের ৮টি অঞ্চলে হবে খেলা। আঞ্চলিক চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব।