ফুটবলে কেন এই ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষটা হলো তিক্ত। ঢাকায় ৪-০ গোলে জিতে যাওয়া জর্ডান ফিরতি ম্যাচে পরশু ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশকে।
অথচ এবারের বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা কিন্তু এমন খারাপ কিছুর ইঙ্গিত দেয়নি। ঘরের মাঠে কিরগিজদের কাছে ৩-১ গোলে লড়াকু হার। তাজিকিস্তানের সঙ্গে ১-১। এরপরই ভেঙে পড়া এবং লজ্জা।
এর আগে ৮ গোলে জাপানের কাছে হার ছিল ১৯৯৩ বিশ্বকাপ বাছাইপর্বে। ১৯৭৫ মারদেকায় হংকংয়ের কাছে ৯-১ বা ১৯৭৯ দক্ষিণ কোরিয়ায় তাদেরই কাছে প্রেসিডেন্ট কাপে ৯-০ গোলে হারের রেকর্ডও আছে। এত দিন পর আন্তর্জাতিক ফুটবলে ৮-৯ গোল খাওয়ার দিন তাহলে ফিরে এল!
সংগঠকদের দলাদলি, বাফুফের ব্যর্থতা আর পরিকল্পনার অভাব এবং ফুটবলারদের চেষ্টার ঘাটতিই এর কারণ। ফুটবল বিশ্লেষক গোলাম সারোয়ার টিপু তাই ৮ গোলের হারেও অবাক নন, ‘২০-৩০ বছর আগে আমরা যেখানে ছিলাম হয় সেখানেই আছি, নতুবা আরও পিছিয়েছি।’
মেধাহীন বর্তমান প্রজন্মের ফুটবলারদের খেলায় মন নেই। দলবদল আর টাকার চিন্তাই থাকে তাদের ভাবনাজুড়ে। মড়ার উপর খাঁড়ার ঘা ছিল শৃঙ্খলাভঙ্গ ও অন্য কারণে ৮-৯ খেলোয়াড়ের বাদ পড়া। টিপু এই দল গঠনেই দেখেন বড় সমস্যা, ‘অনেক খেলোয়াড় থাকলে দল গড়তে সুবিধা। পছন্দনীয় খেলোয়াড় বেছে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশের সেই সুযোগ এখন নেই। কুড়িয়ে-কাঁচিয়ে খেলোয়াড় এনে তো ফুটবল হয় না। মেধাবী ফুটবলার প্রয়োজন।’
এসবের যোগফল বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচের ৭টিতেই হার। একটিমাত্র ড্র। নিজেরা মাত্র ২টি গোল করে ৮ ম্যাচে খেয়েছে ৩২ গোল। ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বের আট ম্যাচে বাংলাদেশ খেয়েছিল ২৮ গোল। এবার সেই ‘রেকর্ড’ ভেঙে যাওয়ার আরেকটি কারণ গত এক বছরে বাফুফে চারজন কোচকে দিয়েছে দায়িত্ব!
তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দায়টা নিজেদের কাঁধে পুরোপুরি নিতে রাজি নন। তাঁর কথা, ‘বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালোই হয়েছে। তারপর থেকে ফুটবলের পরিবেশ কলুষিত, ফেডারেশন ভবন ভাঙচুর হলো। এখন ঘেরাও হচ্ছে, তালা মারছে। আমাদের মনোযোগে তাই ব্যাঘাত ঘটেছে। ফুটবল দলের প্রতি আমরা পুরো মনোযোগ দিতে পারিনি এটা সত্য। সব মিলিয়েই এই ফল।’
কিন্তু এই ব্যাখ্যা দিয়ে বাফুফে কি দায় এড়াতে পারে?