ফুটবলে চির রহস্য হয়েই থাকবে এই ধাঁধা!

ডাচ কোচেস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে লেখা রয়েছে কথাটি, ‘ফুটবল একধরনের শিল্প। ফুটবল স্কুলগুলো ডাচ আর্টিস্টদের সম্মিলিত শিল্পকর্ম।’ বিশ্বের বাদবাকি কোচদের সঙ্গে একটা তুলনাও টানা হয়েছে, ‘আমাদের কোচরা আধুনিক যুগের রেমব্রান্ট।’
ওলন্দাজ রেমব্রান্ট প্রতিকৃতি-শিল্পী হিসেবে যেমন সারা বিশ্বে সমাদৃত, তেমনি ফুটবলেও ডাচদের রয়েছে আলাদা প্রতিকৃতি—‘টোটাল ফুটবল’। সেই প্রতিকৃতি থেকে একে একে বেরিয়েছেন ইয়োহান ক্রুয়েফ, ইয়োহান নেসকেন্স, মার্কো ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ড, রুদ খুলিত, ডেনিস বার্গক্যাম্পের মতো সোনার ছেলেরা। ফুটবল খেলাটাকেই বদলে দিয়েছে ডাচরা। চিন্তা কি মাঠের খেলায়। আশ্চর্য লাগে, ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লবগুলোর একটির জন্ম যেখানে, সেই হল্যান্ড আন্তর্জাতিক পর্যায়ে কেন এত ব্যর্থ! যে ব্যর্থতা একেবারে তলানিতে গিয়ে ঠেকল, এবারের বিশ্বকাপের বাছাইপর্বেই হল্যান্ডের বিদায়ের মধ্যে দিয়ে।
এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় ঘটেনি। কিন্তু কাগুজে সম্ভাবনা বাস্তব রূপ নেবে খোদ আরিয়েন রোবেন তা বিশ্বাস করেন না। গত রাতে বেলারুশকে ৩-১ গোলে হারিয়েছে হল্যান্ড। কিন্তু তাতেও লাভ হয়নি। অন্তত প্লে অফ রাউন্ডে যেতে চাইলেও সুইডেনের বিপক্ষে ৭ গোলের ব্যবধানে জিততে হবে বৃহস্পতিবারের ম্যাচটিতে।
ইতিহাসের পাতা ওল্টালে উঠে আসে শুধু ’৮৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। বড় অঙ্গনে ওটাই ডাচদের একমাত্র শিরোপা। কিন্তু বিশ্বকাপ তাঁদের জন্য বরাবরই হতাশার। তিনবার ফাইনালে উঠেও ছোঁয়া হয়নি শিরোপা! ফুটবলের ইতিহাসে ডাচরা তাই এক অপার রহস্যের আধার। যে রহস্য কাটিয়ে ওঠার মতো তারকার অভাব ছিল না কখনোই, কিন্তু তারপরও কীভাবে যেন হয়নি, হয়ে ওঠেনি। এবার তো বিশ্বকাপেই যেতে পারছে না তারা। দাঁড়িয়ে আছে খাদের কিনারে।
ডাচদের জন্য সমীকরণটা এত কঠিন হতো না, যদি গতকাল রাতে সুইডেনকে গোল উৎসবের সুযোগ না দিত লুক্সেমবার্গ। সোলনায় অনুষ্ঠিত এ ম্যাচে পশ্চিম ইউরোপের দলটিকে ৮-০ গোলে বিধ্বস্ত করে সুইডেন।
লুক্সেমবার্গের বিপক্ষে সুইডেন গোল উৎসব করার পর সেই অসাধ্যসাধনের আশা ছেড়ে দেন ডাচ তারকা রোবেন, ‘খারাপ লাগছে। সুইডেনে ম্যাচের ফলাফলের পর নিজেদের নিংড়ে দিয়ে খেলা ছাড়া আর কিছুই করার নেই। অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত লড়তে হবে, সঙ্গে বাস্তববাদীও হতে হবে। তাই সবাই যা ভাবছে তা এখন বলাই যায়। নিজেদের মাঠে হলেও সুইডেনকে ৭-০ গোলে হারানো অসম্ভব।’ সূত্র: ফোর ফোর টু, গার্ডিয়ান।