ফুটবলে চৈনিক বিপ্লব
বিশ্ব ফুটবলে ‘চৈনিক বিপ্লবে’র নতুন সংযোজন হতে পারে চায়না কাপ। আগামী বছর থেকে চীনে শুরু হচ্ছে বার্ষিক আন্তর্জাতিক এই টুর্নামেন্ট
চীন কোনো কাজে হাত দেবে আর তাতে নিজেদের প্রথম কাতারে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবে না, তা কখনো হয়! অর্থনীতিতে দেশটি এই তো কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে উঠে গিয়েছিল শীর্ষে। রাজনৈতিক, সামরিক ক্ষেত্রেও দেশটি এখন শীর্ষ দুই-তিনের একটি! চীনের নজর পড়েছে ফুটবলে। বিশ্ব ফুটবলে ‘চৈনিক বিপ্লবে’র নতুন সংযোজন হতে পারে চায়না কাপ। আগামী বছর থেকে চীনে শুরু হচ্ছে বার্ষিক আন্তর্জাতিক এই টুর্নামেন্ট।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ও দেশটির বিনোদন ও আবাসনশিল্পের শীর্ষ প্রতিষ্ঠান দালিয়ান ওয়ান্ডা গ্রুপের মালিক ওয়াং জিয়ানলিন টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক। চীন ফুটবল ফেডারেশনের আয়োজনে ২০১৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে প্রতিবছর চলবে চার ম্যাচের এই টুর্নামেন্ট। যাতে চীনের সঙ্গে অংশ নেবে ইউরোপ ও আমেরিকার সেরা তিনটি ফুটবল দল। ‘অতিথি’ দেশগুলোর নাম অবশ্য এখনো জানা যায়নি। এরই মধ্যে ফিফা ও এএফসির অনুমোদন মিলে গেছে, ভবিষ্যতে টুর্নামেন্টটিকে আট দলের করার পরিকল্পনাও আছে।
জানুয়ারিকেই আয়োজনের সময় হিসেবে বেছে নেওয়ার কারণ, বেশির ভাগ ইউরোপিয়ান লিগে এই সময়ে বিরতি থাকে। জাতীয় দলগুলো তাই তাদের প্রায় সব বড় তারকাকেই পাবে। সব মিলিয়ে টুর্নামেন্টটিকে আকর্ষণীয় করে তোলার ইচ্ছে জিয়ানলিনের। গতকাল বেইজিংয়ে এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়ার সময় বলেছেন, ‘এটিকে এশিয়ার সেরা ফুটবল প্রতিযোগিতা বানাতে চাই আমরা। আর সে জন্য যা যা করা দরকার, সবই করব।’
দু-এক বছর ধরে ফুটবলে একের পর এক চমক দেখিয়ে শিরোনাম হচ্ছে চীন। ইউরোপে খেলা অনেক তারকা খেলোয়াড়কে নিয়ে আসছে দেশটির ক্লাবগুলো। তা-ও এমন বেতনে যে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। অবশ্য ইউরোপের ক্লাব ফুটবলের রমরমার মধ্যে নিজেদের ফুটবলকে দ্রুতই বিশ্বকে চেনানোর এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে! শুধু খেলোয়াড়ই নয়, ইউরোপীয় ক্লাবের মালিকানায়ও চীনের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ইংল্যান্ডে অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি; ইতালির ইন্টার মিলানের মতো ক্লাবের মালিকানায় চীনের ধনকুবেরেরা আছেন। আর গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদেরই ২০ শতাংশ মালিকানা এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ান্ডা গ্রুপ। গত মার্চে ফিফারও অন্যতম বড় পৃষ্ঠপোষক হয়েছিল প্রতিষ্ঠানটি।
এ তো গেল ক্লাব ফুটবল। জাতীয় দলের দিকেও নজর দিচ্ছে চীন। ফিফা র্যাঙ্কিংয়ের ৮১তম দেশটি সিঁড়ি ভেঙে আরও ওপরে উঠতে চায়। দেশটির ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট শি জিনপিং তো অনেক আগেই জানিয়েছেন তাঁর তিনটি স্বপ্নের কথা—নিয়মিত বিশ্বকাপে খেলা (চীনের একমাত্র বিশ্বকাপ ২০০২ সালে), বিশ্বকাপ আয়োজন করা, আর কোনো একদিন বিশ্বকাপ জেতা।
চীনও সেই থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্ব ফুটবলে বড় শক্তি হয়ে ওঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই স্বপ্নের প্রথম সিঁড়িটা এই আন্তর্জাতিক কাপ। আপাতত বড় দলগুলোর সঙ্গে খেলে র্যাঙ্কিংয়ে ওঠার সুযোগ নিতে চায় চীন। দালিয়ান ওয়ান্ডা সেই স্বপ্নের কথাটাই জানিয়েছে এক বিবৃতিতে, ‘স্বাগতিক হিসেবে চীন সরাসরিই টুর্নামেন্টে জাতীয় দল পাঠাতে পারবে। এতে ফিফা র্যাঙ্কিংয়ে ওপরে ওঠার সুযোগও পাবে।’ এএফপি, রয়টার্স।